অবশেষে কাঙ্খিত ঘোষণাটি করেই ফেলল আইএসএল-এর আয়োজক সংস্থা ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড। আগামী মরশুমের আইএসএল আয়োজিত হবে গোয়াতে। রবিবার নিজেদের ওয়েবসাইটে এই ঘোষণা করে এফএসডিএল।
রবিবার এফএসডিএল এবং স্পোর্টস অথোরিটি অফ গোয়ার মধ্যে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। আইএসএল-এর ম্যাচগুলি খেলা হবে গোয়ার তিনটি স্টেডিয়ামে। ফতোরদার নেহরু স্টেডিয়াম, ভাস্কোর তিলক ময়দান এবং বাম্বোলিমের জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়ামে হবে ম্যাচগুলি।
পাশাপাশি অনুশীলনের জন্য বিশেষ ব্যবস্থাপনা করেছে এফএসডিএল। প্রতিটি আইএসএল দল নিজেদের অনুশীলনের জন্য পৃথক মাঠ পাবে। আর এই অনুশীলনের জন্য স্পোর্টস অথোরিটি অফ গোয়ার কাছ থেকে ১৬টি ট্রেনিং গ্রাউন্ড দেখে রেখেছে এফএসডিএল, যার মধ্যে ১০টি ট্রেনিং গ্রাউন্ডকে শেষ অবধি বাছা হবে।





