তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন টলিপাড়ার শতাধিক কলাকুশলী

এতদিন ১ জন ২ জন করে শাসক দল ছেড়ে বিরোধী দলে যোগ দিচ্ছিলেন। কিন্তু এবার ১২০ জন একসঙ্গে ঘাসফুল শিবির ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিলেন। শনিবার স্বাধীনতা দিবসের দিন টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানের ১২০ জন কলাকুশলী তৃণমূল ছেড়ে বিজেপি সমর্থিত বঙ্গীয় চলচ্চিত্র সংস্কৃতি সংঘ বা বিসিএসএসতে যোগদান করলেন। এই ঘটনাকে কেন্দ্র করে সরগরম রয়েছে টেলিপাড়া। তাদের বিশ্বাস আগামীদিনেও এভাবে গণহারে মানুষ বিজেপিতে যোগদান করবেন।

স্বাধীনতা দিবসে মাঝ রাতে দুদলের মধ্যে পতাকা লাগানো নিয়ে উত্তেজনা ছড়ায়। জানা গেছে বিজেপির পতাকার ওপর জোর করে তৃণমূল গোষ্ঠী নিজের পতাকা লাগিয়ে দেয়। এমনকি হুমকি দেয়, পতাকা খুলে দিলে অনুষ্ঠান করতে দেওয়া হবে না। এরপর স্থানীয় বিজেপি নেতা দিলীপের ওপর হামলাও চালানো হয়।

কিন্তু শনিবার দিন সব কিছু উপেক্ষা করেই চলতে থাকে দলে যোগদান পর্ব। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা, দক্ষিণ কলকাতার বিজেপি জেলা সভাপতি সোমনাথ বন্দোপাধ্যায় ও বিজেপি নেত্রী তথা টলিউডের নায়িকা কাঞ্চনা মৈত্র। এই অনুষ্ঠানে বিসিএসএস এর সাধারণ সম্পাদক মিলন চৌধুরি কলাকুশলীদের হাতে দলীয় পতাকা তুলে দেন।

এই ঘটনা প্রসঙ্গে মিলন চৌধুরি বলেন, ‘আমরা ওদের মতো নই। আমরা ওদের পতাকাকেও সম্মান জানিয়েছি। আমরা বিজেপি করি তাই জানি কিভাবে সম্মান দিতে হয়। কেউ যদি আমাদের অসম্মানিত করে ভাবে আমাদের বাধা দেবে তাদের আমরা দেখিয়ে দেব আমাদের কাজ করে।”

পাশাপাশি কলাকুশলীদের যোগদান নিয়ে তিনি বলেন, বিসিএসএস শাসক শিবিরে ভাঙন ধরিয়ে দিয়েছে। আর তার জন্যই মানুষ আজ এই দলে যোগ দিচ্ছেন। আগামীতেও ফেডারেশনের ৬ টা গিল্ড ভেঙে যাবে। এবং তাঁরাও এখানে যোগদান করবে।’ তিনি আরো বলেন, ‘ আমরা বেহালা অফিস বা ট্রাম ডিপোর সামনে স্টেজ করে আমাদের জেলা সভাপতি সোমনাথ ব্যানার্জীর হাত ধরে প্রায় ২৫০০ থেকে ৩০০০ কলাকুশলীদের বিজেপিতে নিয়ে আসব। ‘

এছাড়া এদিন ৯৫ নম্বর ওয়ার্ডের স্থানীয় বিজেপি নেতা দিলীপ চন্দের নেতৃত্বে প্রায় ৫০ জন তৃণমূল ও সিপিএম কর্মী সমর্থকরা নিজেদের দল ছেড়ে বিজেপিতে এসে যোগ দেন। এবং বিজেপিতে যোগদান অনুষ্ঠানে তাঁরা দলীয় পতাকা হাতে তুলে নেন। এই সমস্ত ঘটনার পর আশঙ্কা তৈরি হচ্ছে যে, আগামী নির্বাচন আসতে আসতে শাসকদলের সমর্থক সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে !

আরও অন্যান্য খবর