করোনার আবহেও নাশকতার কোনো বিরতি নেই। এবার কাশ্মীরে টহলদারির সময় যৌথবাহিনীকে লক্ষ্য করে একের পর এক গুলি ছুঁড়তে শুরু করে সন্ত্রাসবাদীরা। এই অতর্কিত হামলায় দুই সিআরপিএফ জওয়ান ও এক পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে আজ উত্তর কাশ্মীরের বারমুল্লা জেলার তিনডিম গ্রামের কাছে। সকাল সাড়ে ন’টা নাগাদ ওই এলাকায় টহল দিচ্ছিল সিআরপিএফ জওয়ান এবং কিছু পুলিশ কর্মী। এরপর হঠাৎই তাঁদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে শুরু করে কিছু জঙ্গি। ঘটনায় গুরুতর আহত হন দুই সিআরপিএফ জওয়ান ও এক পুলিশ কর্মী। এরপর তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে ঘটনার পরই পালিয়ে যায় সন্ত্রাসীরা। এলাকা ঘিরে এখন তাদের খোঁজে খানা তল্লাশি চালাচ্ছে পুলিশ।
গত কয়েক মাসে উপত্যকায় সন্ত্রাসদমনে সাফল্য পেয়েছিল যৌথবাহিনী। এমনকি সন্ত্রাসবাদী দলের বহু তাবড় তাবড় লোককেও নিকেশ করেছে ভারতীয় বাহিনী। এছাড়া জঙ্গিগোষ্ঠীকে সাহায্যকারী লিংকম্যানদেরও গ্রেপ্তার করা হয়েছে। অবশ্য তারপর থেকে কাশ্মীরে বড়সড় কোনো নাশকতার খবর না পাওয়া গেলেও ছোটো খাটো হামলা চালিয়েই চলেছে তারা।
যেমন গত কয়েকদিন ধরে বিভিন্ন এলাকায় টহলদারি করার সময় নিরাপত্তাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে সন্ত্রাসবাদীরা। স্বাধীনতা দিবসের আগের দিনও শ্রীনগর সংলগ্ন বাইপাসে অতর্কিত হামলা চালায় জঙ্গিরা। এরপর নওগ্রাম বাইপাসে টহলদারী করা পুলিশের ভ্যানে চলে হামলা। সেই ঘটনায় গুরুতর জখম হন তিন পুলিশ কর্মী। যাদের মধ্যে দুই কর্মীর মৃত্যু হয়। এরপর আজকের ঘটনায় কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার জানান, “হামলায় যে দুই জওয়ান ও এক পুলিশ কর্মী আহত হয়েছিলেন, তাঁরা মারা গেছেন।” ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে কাশ্মীরে।






