কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহ্য বিজড়িত বিশ্বভারতীতে (Visva Bharati) গতকাল পাঁচিল ভাঙ্গা নিয়ে যে তাণ্ডব চলল তা নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় বইছে সমস্ত জায়গায়। বিপুল পরিমাণ লোকলস্কর নিয়ে এসে বিশ্বভারতী প্রাঙ্গণে মিছিল, বিক্ষোভ, স্লোগান, মেলার মূল প্রবেশদ্বার ভাঙচুর, পাঁচিল তৈরির নির্মাণ সামগ্রী চুরি, পৌষমেলার মাঠে চরম অশান্তি সৃষ্টি করার কারণে গতকাল রণক্ষেত্র হয়ে ওঠে বিশ্বভারতী প্রাঙ্গণ। ঢিল ছোঁড়া দূরত্বে শান্তিনিকেতন থানা থাকলেও সেখান থেকে পুলিশকে আসতে দেখা যায়নি। এই ঘটনার পর রীতিমতো ক্ষোভে ফেটে পড়ে বিজেপি।
এই ঘটনায় তৃণমূল বিধায়ক নরেশ বাউড়ি ছাড়াও বিশ্বভারতীর তৃণমূল নেতা গগন সরকার-সহ ৯ জনের নামে অভিযোগ দায়ের করা হয়। সোমবার পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে ৮ জনকে গ্রেফতার করে। এবার এই ঘটনার প্রতিবাদে মুখ খুললেন বিজেপির যুব মোর্চার অন্যতম শীর্ষ নেতা তথা বিশ্বভারতীর প্রাক্তন অধ্যাপক ডঃ অনুপম হাজরা (Anupam Hazra) যিনি ওই এলাকার প্রাক্তন সাংসদও বটে। তিনি আজকে একটি ভিডিও বার্তায় বলেন যে গোটা ঘটনায় তিনি অত্যন্ত লজ্জিত। বিশ্বভারতীর প্রাক্তনী হিসাবে এবং একজন আশ্রমিক হয়ে তিনি ছোটবেলা থেকে যে পরিবেশ বিশ্বভারতীর চারিদিকে দেখে এসেছেন গতকালকের ঘটনায় তিনি সেটা মেলাতে পারছেন না। তাই এই ন্যাক্কারজনক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যেতে পারে না বলে জানান তিনি। পুলিশ কোন ব্যবস্থাই নেয়নি ওই অভিযুক্ত তৃণমূল বিধায়ক এবং তার সঙ্গী সাথীদের বিরুদ্ধে বলে দাবি রাজ্য বিজেপি’র। তাই এই ঘটনার প্রতিবাদে আগামীকালকে বিজেপির যুব মোর্চার তরফ থেকে কলকাতার বিভিন্ন স্থানে বিক্ষোভ দেখানো হবে বলে জানিয়েছেন বিশ্বভারতীর এই প্রাক্তনী।
আগামীকাল দুপুর দুটোর সময় জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখাবে বিজেপির যুব মোর্চা। বিজেপির সাফ দাবি রাজ্যের শাসকদলের প্রচ্ছন্ন মদত ছাড়া এই ঘটনা কোনভাবেই ঘটা সম্ভব নয়। বিশ্বভারতীর প্রাক্তনী এবং অধ্যাপক হিসেবে এই ঘটনাটা আরো বেশি আঘাত দিয়েছে ডঃ অনুপম হাজরার মনে। তাই তিনি এর বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে গর্জে উঠতে চলেছে আগামীকাল।





