জাতীয় উদ্যান থেকে বন্যপ্রাণী শিকার করে তার মাংস পর্যন্ত রান্না খেলেন ৯ জন। কিছুদিন আগেই কেরলে এমন একটি ঘটনা সামনে এসেছিল। এরপর পশ্চিমবঙ্গেও একই ঘটনা ঘটল। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার গরুমারা জাতীয় উদ্যানেও এখন বন্যপ্রাণীরা সুরক্ষিত নয়। সেই উদ্যানের কোর এলাকায় ঢুকে পড়ল ৯ জন চোরাশিকারী। তারপর তারা একটি বাইসনকেও শিকার করে। এখানেই শেষ নয়, হাড়িয়া সহযোগে সেই বাইসনের মাংসও রান্না করে ফেলল তারা।
বন দফতর সূত্রের খবর, বুধবার বনবস্তির ৯ জন বাসিন্দা জাতীয় উদ্যানের কোর এলাকায় প্রবেশ করে ওই কাণ্ড ঘটিয়েছে। বিষয়টি সামনে আসার পর বন দফতরের পক্ষ থেকে কুকুর নিয়ে তল্লাশি চালানো হয়। এরপর ৯ জন অভিযুক্তের মধ্যে একজনের খোঁজ মেলে। তাকে গতকাল রাতে আটক করে মেটলি থানায় রেখেছে পুলিশ।
এমনকি ধৃতের বাড়ি থেকে বাইসনের রান্না করা মাংসও মিলেছে। এই ঘটনার পর প্রশ্ন উঠেছে বন্যপ্রাণীদের সুরক্ষা দিতে যে জাতীয় উদ্যান তৈরি করা হয়েছে সেখানে তারা কতটা নিরাপদ? নাকি সেখানেও মানুষ অবলীলায় তাদের শিকার করে ফেলতে পারবে?






