সভাপতি নিয়ে কংগ্রেসের অন্দরের ডামাডোল সামাল দিয়ে জমি পুনরুদ্ধারের চেষ্টা করছে গান্ধী পরিবার। আর তাই বিজেপির বিরুদ্ধে বিরোধী জোট গড়ে তুলতে ফের ময়দানে নামছেন কংগ্রেস হাইকমান্ড সনিয়া গান্ধী। আজ অর্থাৎ বুধবারই বিরোধী-শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের নিয়ে ‘ভার্চুয়াল’ বৈঠক আহ্বান জানানো হয়েছে কংগ্রেসের তরফে।
আর তাই এই করোনা আবহেও নিট এবং জেইই পরীক্ষা নেওয়ার দিন ঘোষণা করেছে কেন্দ্র। কিন্তু করোনা পরিস্থিতির মধ্যে পরীক্ষা নেওয়া কোনওভাবেই সম্ভব নয়, তাই পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি জানিয়ে সোমবারই প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই পরীক্ষা বাতিলের দাবি নিয়ে জোট বাঁধতে শুরু করেছে বিরোধীরা। সূত্র মারফত জানা গেছে বিরোধীদের নিয়ে বৈঠকের যৌথ আহ্বায়ক হওয়ার জন্য মমতাকে প্রস্তাব দিয়েছেন কংগ্রেস সভানেত্রী। সেই আহ্বান গ্রহণ করে মমতার প্রস্তাব, বর্তমান সময়ের জরুরি প্রয়োজন বিবেচনা করে ওই বৈঠকে নিট এবং জেইই-প্রশ্নে আলোচনা হোক। যা মেনে নিয়েছেন কংগ্রেস সভানেত্রী।
বুধবার দুপুর আড়াইটেয় ভার্চুয়াল বৈঠক হবে৷ বাংলার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘সব অ-বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে৷ শুধুমাত্র কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, তিনি সম্ভবত থাকতে পারবেন না, তাঁর একটি পূর্বনির্ধারিত অন্য কাজ রয়েছে৷’ তবে বৈঠকে থাকবেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলা, পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে প্রমুখ৷
একই সঙ্গে সোমবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে সিদ্ধান্ত হয়েছে, আপাতত সভানেত্রী পদে থাকছেন সনিয়া গান্ধীই। নরেন্দ্র মোদী-অমিত শাহদের বিরুদ্ধে বিরোধী শক্তিকে সমন্বয় করার প্রধান দায়িত্ব সনিয়া গান্ধীকেই নিতে হবে বলে মনে করছেন বিরোধী শিবিরের একাধিক নেতাও।






