অরুণাচল প্রদেশ চীনের অংশ, নিখোঁজ পাঁচ যুবকের সন্ধানরত ভারতকে জবাব দিল চীন!

ভারতীয় ভূখন্ডের উপর চীনের (China) নজর অনেকদিনের। সুযোগ পেলেই এলাকা দখলের জন্য অতর্কিতে হানা দেয় লাল ফৌজ। কিছুদিন আগেই অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) সীমান্ত থেকে পাঁচ যুবককে অপহরণ করে নিয়ে যায় চীনা সেনা। অপহৃত যুবকদের মধ্যে একজনের দাদা গোটা বিষয়টি ফেসবুকে পোস্ট করতেই গোটা বিষয়টি নজরে আসে প্রশাসনের।

এই নিয়ে ভারত চীনকে নিজেদের উদ্বেগ প্রকাশ করলে চীন সোমবার পাল্টা জানাল যে অরুণাচল প্রদেশ চীনের অংশ, ভারতের নয়! বেজিংয়ের মতে, উত্তর-পূর্ব ভারতের এই রাজ্য তিব্বতের অংশ।

রবিবার ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) তরফে চীনের কাছে জিজ্ঞাসা করা হয়, অরুণাচলের নিখোঁজ ৫ অধিবাসী পিপলস লিবারেশন আর্মি-র (পিএলএ) হেফাজতে রয়েছেন কি না। সেই সময় তারা কোন উত্তর দেয়নি।

আজ সোমবার চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান (Jhao Lizian) বলেছেন, “অরুণাচল প্রদেশ যে অঞ্চলে অবস্থিত সেই অঞ্চলটি চীন-ভারত সীমান্তের পূর্বাংশ এবং চীনের অধীনস্থ দক্ষিণ তিব্বতের চীনা সেনাবাহিনীর অবস্থান অপরিবর্তিত ও স্পষ্ট। চীনা ভূখণ্ডের উপরে প্রতিষ্ঠিত অরুণাচল প্রদেশকে আমরা কখনই স্বীকৃতি দিইনি। ভারত আমাদের যে বিষয়ে জিজ্ঞাসা করেছে সেই সম্পর্কে আমরা অবগত নই।”

ভারতীয় সেনা (Indian Army) আশঙ্কা করছে, অরুণাচল প্রদেশের এই পাঁচ যুবক জঙ্গলে শিকার করতে যান এবং তারপরই চীনা সেনার খপ্পরে পড়েন। রয়টার্সকে ভারতীয় সেনার (Indian Army) মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল হর্ষ বর্ধন পান্ডে জানিয়েছেন, স্থানীয় বাসিন্দারা গভীর অরণ্যের মধ্যে দিয়ে যাওয়া সীমান্তরেখা প্রায়ই গুলিয়ে ফেলেন এবং চীনা সেনার খপ্পরে পড়ে যান। এক্ষেত্রেও তাই ঘটেছে বলে আশঙ্কা করছেন কর্নেল পান্ডে।

অন্যদিকে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অরুণাচল প্রদেশের সফরে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সেই সময় গোটা ঘটনাটি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে বেজিং। তাদের দাবি চীনের সার্বভৌমত্ব নষ্ট করছে ভারত!

গত বছর নভেম্বর মাসে অরুণাচল প্রদেশে সফরে গিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। তখন চীনের দাবি ছিল, অরুণাচল প্রদেশ আসলে ভারতের দ্বারা অধিকৃত তিব্বতের দক্ষিণাংশের অন্তর্গত।

RELATED Articles

Leave a Comment