ইস্টবেঙ্গল ক্লাবের ইনভেস্টর জট কেটে যাওয়ায় শুক্রবার সকালে একাধিক সর্বভারতীয় সংবাদপত্রে বিড পেপার ছাড়ার নোটিস প্রকাশ করে ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড। এবার ইস্টবেঙ্গলের শক্তিশালী দল গঠনের পালা। সেই দল গঠনের লক্ষ্যে এবার দেশের অন্যতম সেরা লেফট ব্যাক নারায়ণ দাসকে টার্গেট করল ইস্টবেঙ্গল। ইতিমধ্যে নারায়ণের এজেন্টের সাথে কথাবার্তা শুরু করে দিয়েছেন লাল-হলুদ কর্তারা।
বর্তমানে ফ্রি এজেন্ট হলেও নারায়ণকে পেতে গেলে অন্তত দেড় কোটি টাকা দিতে হবে ইস্টবেঙ্গলকে। কিন্তু ত্রিবেণীর এই ফুটবলারকে পেতে গেলে ইস্টবেঙ্গলকে লড়তে হবে আরও ফ্র্যাঞ্চাইজির সাথে। ইতিমধ্যে নারায়ণকে নিতে আগ্রহ দেখিয়েছে জামসেদপুর এফসি এবং চেন্নাইন এফসি। বলা বাহুল্য, গত মরশুমে নবাগত ফ্র্যাঞ্চাইজি উড়িষ্যা এফসির হয়ে খেলেছিলেন নারায়ণ। অন্যদিকে সবুজ-মেরুন দলের টার্গেট করা দেশের সেরা ডিফেন্ডারকে নিতে মরিয়া হয়ে উঠেছে ইস্টবেঙ্গল। রক্ষণে জোর বাড়াতে এবার সন্দেশের দিকে হাত বাড়িয়েছে ইস্টবেঙ্গল ক্লাব।






