ষষ্ঠদশ লোকসভার শেষ অধিবেশনেই পেশ করা হয়েছিল মুসলিম মহিলাদের বৈবাহিক অধিকাররক্ষার বিল। কিন্তু রাজ্যসভায় বিরোধীদের জন্য সেই বিল পাস হয়নি৷ এবারে ফের সেই বিলকে সংসদে আনতে চলেছে কেন্দ্র৷
গতবছরই সুপ্রিম কোর্টের তরফে রায় দেওয়া হয় যে তিন তালাক প্রথা সম্পূর্ণ ভাবে অবৈধ৷ এবং শীর্ষ আদালতের তরফ থেকে সরকারকে বলা হয় এই নিয়ে শীঘ্রই আইন প্রণয়ন করতে। প্রথম মোদী সরকার সেইমতোই এই নিয়ে আইন তৈরী করলেও যেহেতু রাজ্যসভায় এনডিএ সংখ্যালঘু, তাই সেই বিল বিরোধীদের জন্য আর পাস হয়নি।
এরপরই ফের এই বিল নিয়ে মন্ত্রীসভায় গতকাল আলোচনা হয়েছে। পরে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানান যে সপ্তদশ লোকসভার প্রথম অধিবেশনেই এই বিল ফের পেশ করা হবে। এবারে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে বিজেপি সঙ্গে বাকী শরিক দলগুলোকে নিয়ে এনডিএর আসন সংখ্যা এখন ৩৫৪। কাজেই লোকসভায় এই বিল দ্রুতই এবারে পাস হয়ে যেতে চলেছে৷ কিন্তু রাজ্যসভায় এনডিএ এর এখনও সংখ্যা গরিষ্ঠতা নেই তাই রাজ্যসভায় ফের কি হবে তা বলা যাচ্ছেনা। বিলটিতে তিন তালাক দেওয়া স্বামীর বিরুদ্ধে রয়েছে শাস্তি দেওয়ার বিধান, আর তাই বিরোধীদের সঙ্গে এই নিয়ে টানাপোড়েন চলছে মোদী সরকারের৷