লাগামছাড়া হচ্ছেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut), এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। এবার অভিনেত্রী উর্মিলা মাতন্ডকরকে (Urmila Matandkar) সফট পর্নস্টার বলে দাগিয়ে দিলেন কুইন অভিনেত্রী। যার জেরে বলিউডের একটা বড় অংশ ক্ষিপ্ত হয়ে উঠেছেন কঙ্গনার প্রতি। ইতিমধ্যেই স্বরা ভাস্কর থেকে অনুভব সিনহা পাশে দাঁড়িয়েছেন উর্মিলা মাতন্ডকর এর।
গত সপ্তাহে শিবসেনার সঙ্গে বিবাদের রেশ মিটতে না মিটতেই বিএমসি সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন কঙ্গনা কারণ বিএমসি তার প্রযোজনা সংস্থার অফিস বেআইনি নির্মাণ বলে ভেঙে দিয়েছে। এরপর সম্প্রতি জয়া বচ্চন রাজ্যসভায় কঙ্গনার বিরুদ্ধে মুখ খোলেন। তাকেও একহাত নেন কঙ্গনা। এরপর বুধবার যখন ইন্ডিয়া টুডেকে উর্মিলা মাতন্ডকর বলেন যে, “হিমাচল প্রদেশ ড্রাগের আঁতুড়ঘর। তাই কঙ্গনার উচিত নিজের রাজ্য হিমাচলকে দিয়েই ড্রাগ সাফাই কর্মসূচি শুরু করা।” এরপরই তেলেবেগুনে জ্বলে ওঠেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।
তিনি উর্মিলাকে ব্যক্তিগত আক্রমণ করে বসেন, “আমার লড়াইকে নিয়ে ঠাট্টা করবার চেষ্টা চালাচ্ছে উর্মিলা। ও তো সফট পর্ন স্টার! ওকে অভিনয় দক্ষতার জন্য কে চেনে?” এখানেই থেমে থাকেননি অভিনেত্রী। তিনি যে নিজের হয়ে আওয়াজ তোলা জারি রাখবেন একথা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। মুম্বইয়ে শিবসেনা তাঁর সঙ্গে যে আচরণ করেছে তাতে কঙ্গনার সম্মান ও আত্মমর্যাদার প্রকাশ্যে খুন করা হয়েছে। এমনটাও বলেছেন অভিনেত্রী।
কঙ্গনার আরো বিস্ফোরক দাবি, উর্মিলা যেরকম কংগ্রেসের টিকিট পেয়েছেন সেরকম তার নির্বাচনী টিকিট পাওয়া খুব মুশকিলের নয়। এর পরেই উঠতে শুরু করেছে জল্পনা, তবে কি গেরুয়া শিবিরের টিকিট হাতে পেতে চলেছেন অভিনেত্রী? অন্যদিকে চার বছর আগে ডিএনএ সংবাদ সংস্থাকে শেখর সুমন পুত্র ও কঙ্গনার প্রাক্তন প্রেমিক অভিনেতা অধ্যয়ন সুমন জানিয়েছিলেন, কঙ্গনা নিজে কোকেন খেতেন এবং তাকে জোর করে কোকেন খাইয়েছিলেন।অন্যদিকে কঙ্গনার নিজেও এর আগে একটি ভিডিওতে বলেছিলেন যে তিনি ১৪-১৫ বছর বয়সেই মাদকাসক্ত হয়ে পড়েছিলেন।
যদিও অভিনেত্রীর দাবি, তিনি সম্পূর্ণ নির্দোষ। তিনি কোনদিনও কোন মাদক পাচারকারীকে ফোন করেননি, কোনোরকম মাদকও কেনেননি। সম্প্রতি যে কদিনের জন্য মুম্বাইয়ে ফিরেছিলেন কঙ্গনা এই কদিনে নাকি তার কাছে প্রচুর হুমকি ফোন এসেছে। শিবসেনা সংসদ সঞ্জয় রাউত এর কটাক্ষের পাল্টা জবাব দিয়ে কঙ্গনা বলেন, “আমি প্রতিবছর পনেরো থেকে কুড়ি কোটি টাকা আয় কর দিই। মুম্বাইয়ের কয়েকশো লোকের পেট চলে আমার জন্য। আমি হারামখোর নই।”






