কাশ্মীর ইস্যু নিয়ে তুরস্কের ‘অযাচিত’ মন্তব্য, আমির খান চুপ কেন? প্রশ্ন বিশ্ব হিন্দু পরিষদের

তুরস্ক (Turkey) নিয়ে ফের বিপাকে অভিনেতা আমির খান (Aamir Khan)। এবার বলিউডের পারফেকশনিস্ট পড়েছেন বিশ্ব হিন্দু পরিষদের (VHP) তোপের মুখে। তারা আমিরকে প্রশ্ন করেছেন, কাশ্মীর নিয়ে তুরস্কের মন্তব্যের প্রেক্ষিতে আমির খান এখনও পর্যন্ত চুপ কেন? তাহলে তিনি কি এই মন্তব্য সমর্থন করছেন?

আজ বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র বিনোদ বনশল হিন্দিতে কয়েকটি টুইট করেন। সেখানেই তিনি লেখেন, “কিছুদিন আগে ভারতের জনপ্রিয় অভিনেতা আমির খান তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে দেখা করেন। সেই সময়ে এ নিয়ে বিতর্ক হলেও কয়েকজন ভারতীয় বলেন যেটা অভিনেতার মত প্রকাশের স্বাধীনতা। বর্তমানে কাশ্মীর নিয়ে যে তুরস্ক মন্তব্য করেছে তার বিরুদ্ধে আমির কেন কিছু বলছেন না? সেই ভারতীয়রা কোথায় যারা আমিরকে সমর্থন করেছিলেন?”

এখানেই শেষ নয়, বিনোদ আমিরের স্ত্রী কিরণ কেও কটাক্ষ করে বলেছেন, “আমির ও তার স্ত্রী তুরস্কের ফার্স্ট লেডি-র সঙ্গে দেখা করে ভীষণ খুশি হয়েছিলেন। কিন্তু এখন নিজের স্বামীর ভারত বিরোধী কার্যকলাপ দেখে তিনি খুশি তো?” বস্তুত আমির ও তার স্ত্রীর পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

প্রসঙ্গত দিন কয়েক আগেই রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় এরদোগান বক্তব্য রাখেন। এই বক্তব্য আগে থেকেই রেকর্ড করা ছিল এবং এই বক্তব্যে যা বলা হয়েছে তার নির্যাস হল, দক্ষিণ এশিয়ায় শান্তি ফেরানোর জন্য কাশ্মীর ইস্যু সমাধান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত এই জ্বলন্ত সমস্যার সমাধান হওয়া উচিত। কাশ্মীরি জনগণের মত নিয়ে আলোচনার মাধ্যমে এবং রাষ্ট্রসঙ্ঘের তৈরি নীতিগত পরিকাঠামোর মধ্যে থেকে এই সমস্যার সমাধান করে ফেলা উচিত।

তখন ভারত তুরস্ককে পরামর্শ দেয় ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে যেন নাক না গলায় এই দেশ। কিন্তু হঠাৎ করে আমির খানকে কেন এই প্রসঙ্গে আক্রমণ করতে গেল বিশ্ব হিন্দু পরিষদ? কারণ কিছুদিন আগে তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎকার করেছিলেন আমির খান। তারই জের এখনও তাকে ভুগতে হচ্ছে বলে মত ওয়াকিবহাল মহলের।

RELATED Articles

Leave a Comment