ভারতে তৈরি করোনা প্রতিষেধকই মহামারীর হাত থেকে বাঁচবার ত্রাতা হবে বিশ্বের। আর এহেন প্রতিষেধকই বিশ্ববাসীকে দেওয়ার আশ্বাস দিলেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় গোটা বিশ্বের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) জানিয়েছেন, করোনার সঙ্গে লড়াই করতে গোটা বিশ্বকে সাহায্য করবে ভারতই। এদেশে তৈরি ভ্যাকসিনই (Corona Vaccine) হবে এই করোনার বিরুদ্ধে লড়াইয়ের প্রধান হাতিয়ার।
বিশ্বের পাশে থাকার ভারতের এই আশ্বাস স্বস্তি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর-জেনারেল টেড্রোস আধানম ঘেব্রিয়েসুসকে (Tedros Adhanom Ghebreyesus)। টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর মানসিকতার জন্য ধন্যবাদ জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।
https://twitter.com/DrTedros/status/1309965480518660096
করোনা পরিস্থিতি তৈরি হওয়ার প্রাথমিক পর্যায় থেকেই বিশ্বকে সাহায্য করার জন্য ভারতের দরজা খুলে দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। দেশের চরম সংকটজনক অবস্থাতেও বিশ্বের বিভিন্ন দেশকে ওষুধ, পিপিই কিট দিয়ে সাহায্য করেছে ভারত। আমেরিকা, ব্রাজিল, অস্ট্রেলিয়ার মতো ১৫০টি দেশে গিয়েছে ভারতের তৈরি ওষুধ।
গতকাল রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় সেসব তথ্যই তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে জানিয়ে দিয়েছেন ভারতের ভ্যাকসিন (Corona Vaccine) তৈরির যে পরিকাঠামো তা গোটা বিশ্বকে সরবরাহ করার জন্য যথেষ্ট। আসলে ভারতই বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ। স্বাভাবিকভাবেই ভ্যাকসিন আবিষ্কার হলে এদেশেই সবচেয়ে বেশি ভ্যাকসিন তৈরি হবে। করোনায় ত্রাতা হবে ভারতের ভ্যাকসিনই। সেটাই শনিবার রাষ্ট্রপুঞ্জের সভায় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।





