ইউজিসি-এর গাইডলাইন মেনে ২রা নভেম্বর থেকে পাঠক্রম শুরু স্নাতক স্তরে, বদল আসতে পারে স্নাতকোত্তর স্তরে ভর্তির ক্ষেত্রেও

আগামী ১লা অক্টোবর থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির ফাইনাল সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে। এর মধ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি কবে থেকে খোলা হবে বা স্নাতক স্তরের নতুন পাঠক্রম কবে থেকে চালু হবে তা নিয়ে সব জল্পনার অবসান আগেই ঘটিয়েছিল ইউজিসি। জানিয়ে দেওয়া হয় চলতি বছরের পয়লা নভেম্বর থেকে আগামী শিক্ষাবর্ষের ক্লাস চালু করে দিতে হবে। এছাড়াও ৩১শে অক্টোবরের মধ্যেই যে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ভর্তির প্রক্রিয়াও শেষ করে ফেলতে হবে তাও পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয় ইউজিসির গাইডলাইনে।

এই করোনা পরিস্থিতির মধ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি আদৌ কবে থেকে খোলা সম্ভবপর হবে বা এই ‘নিউ নরম্যাল’ দুনিয়ায় নতুন কি কি নিয়ম মানতে হবে তা নিয়ে আজ উপাচার্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই অতিমারির মধ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য বিধি মেনে ক্লাস করানোর পক্ষেও বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয় ইউজিসির তরফ থেকে।

এই পরিস্থিতিতে সমস্ত স্বাস্থ্যবিধি ঠিকমতো পালন করে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক নিয়মে পঠন-পাঠন শুরু করাটাই এখন রীতিমতো বড় চ্যালেঞ্জ। রবিবার, উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রীর ভার্চুয়াল বৈঠকে ঠিক হয় যে সমস্ত বিধিনিষেধ মেনে ২রা নভেম্বর থেকেই রাজ্যে স্নাতক স্তরে পাঠক্রম শুরু হবে। ভর্তি প্রক্রিয়ার উপর নির্ভর করে ১৮ই নভেম্বর বা ১লা ডিসেম্বর থেকে স্নাতকোত্তরেও পঠন-পাঠন শুরু করার ব্যাপারে নিজের মত জানান শিক্ষামন্ত্রী যাতে উপাচার্যরাও সায় দিয়েছেন।

তাছাড়া, এই বছর স্নাতকোত্তরে ভর্তির ক্ষেত্রে নয়া নিয়ম চালু হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। বলা হয়, এই বছর ৮০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে সেই বিশ্ববিদ্যালয়ের অধীনেই যারা সেই বিশ্ববিদ্যালয় থেকেই স্নাতক পাশ করবে যা আগে ৬০ শতাংশ ছিল। আপাতত ইউজিসির নিয়ম মেনে সপ্তাহে ছ’দিন ক্লাস করার অনুমতিও দেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে।

আরও অন্যান্য খবর