আসন্ন বিধানসভা ভোটে প্রথম স্থান পাওয়ার লক্ষ্যে জোরদার পড়াশোনা শুরু করেছে দুই শিবির। হারাতেই হবে একে অপরকে। আর তাই এবার শাসক বিরোধী স্লোগান তুলে ঘাসফুল শিবিরকে চাপে ফেলতে মরিয়া পদ্মফুল শিবির।
আর তাই জোরদার পদক্ষেপ হিসেবে আগামী ৮ই অক্টোবর নবান্নের অভিযানের ডাক দিয়েছে বঙ্গ বিজেপি শিবির। কোনও পরিস্থিতিতেই বদল হবে না নবান্ন অভিযানের (Nabanna Avijan) সিদ্ধান্ত। নিশ্চিত করে জানালেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং।
আজ অর্থাৎ রবিবার ব্যারাকপুরের নারায়ণপুরে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত হয়েছিলেন প্রায় বেশকিছু নামজাদা বিজেপি নেতা। যেমন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং, বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ, রাজ্য বিজেপির সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন।
নবান্ন অভিযান-এর আগে তৃণমূলের বিরুদ্ধে এই মঞ্চকে ব্যবহার করেন প্রায় প্রত্যেকেই। এই সেই অনুষ্ঠানেই তৃণমূলকে একহাত নেন প্রত্যেকেই। ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh) ৮ অক্টোবরের নবান্ন অভিযান প্রসঙ্গে বলেন, “কোনও বাধা মানা হবে না। গেরিলা কায়দায় অভিযান হবে।”
ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সৌমিত্র খাঁ-ও (Saumitra Khan)। তিনি নিজের টার্গেট হিসেবে বেছে নেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। জ্যোতিপ্রিয় মল্লিককে ‘রিকশাওয়ালা’ বলেও কটাক্ষ করেন তিনি। নবান্ন অভিযান প্রসঙ্গে বিষ্ণুপুরের সাংসদ বলেন, “খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রিকশাওয়ালা। ও আবার রাজ্যপালকে কী বলবেন? ওর কোনও যোগ্যতা নেই। কোনওভাবেই নবান্ন অভিযান আটকাতে পারবে না।”





