কন্যা দিবসে মেয়েকে অনবদ্য উপহার কুনালের, বুক খোদাই করে লিখলেন মেয়ের নাম

কয়েকদিন আগেই ছিল আন্তর্জাতিক কন্যা দিবস। এই দিনটিকে আরও স্মরণীয় করে তুলতে এক অভিনব পদক্ষেপ নিলেন বলিউড অভিনেতা কুনাল খেমু। নিজের বুকে মেয়ে ইনায়ার নাম চিরদিনের জন্য খোদাই করেছেন তিনি।

নিজের ইনস্টাগ্রামে সম্প্রতি নিজের অনাবৃত ঊর্ধ্বাঙ্গের একটি ছবি পোস্ট করেন কুনাল। ছবিতে দেখা যাচ্ছে তার বুকের বামদিকে ইনায়ার নামের ট্যাটু। দেবনাগরী অক্ষরে লেখা ‘ইনায়া’ নামের সঙ্গে একটি লাল টিপ ও ত্রিশূলও আঁকা রয়েছে। ক্যাপশনে তিনি লিখেছেন, “শারীরিক ও মানসিক, দুই দিক দিয়েই এই ট্যাটুটা আমার হৃদয়ের খুব কাছের। আমার ছোট্ট মেয়ে চিরদিন আমার একটি অংশ হয়ে থাকবে। মাঝে দেবনাগরীতে লেখা আছে ইনায়ার নাম, নাওমির অর্থ মা দুর্গা যা লাল টিপ ও ত্রিশূলের মধ্য দিয়ে বোঝানো হয়েছে”।

এই পোস্টে ট্যাটু আর্টিস্টকে ধন্যবাদও জানিয়েছেন তিনি, এত তাড়াতাড়ি এও সুন্দর একটি ট্যাটু করে দেওয়ার জন্য। আন্তর্জাতিক কন্যা দিবসে এরকমই বিশেষ কিছু করার কথাই তিনি ভাবছিলেন। মেয়েকে কোলে নিয়েও একটি ছবি পোস্ট করেন কুনাল। মেয়েকে নিজের গোটা জগৎ বলেছেন তিনি। পোস্টের পরেই খুব দ্রুত ভাইরাল হয়ে যায় ছবিগুলি। এমন সুন্দর ও ভিন্ন উপহারের জন্য নেটিজেনদের বেশ প্রশংসা কুড়িয়েছেন অভিনেতা।

উল্লেখ্য, ২০১৫ সালে সোহা আলি খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কুনাল। ২০১৭ সালে জন্ম হয় ইনায়া নাওমি খেমুর। ছোট্ট ইনায়া ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তার ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়।

RELATED Articles

Leave a Comment