লোকসভা নির্বাচনের পূর্বে মোদীর চরম বিরোধীতা করেছিলেন টিডিপির নেতা চন্দ্রবাবু নাইডু। মোদীকে কেন্দ্রে পরাজিত করতে গড়ে তুলেছিলেন বিরোধীদের জোট৷ কিন্তু সেই চন্দ্রবাবু নাইডু-ই আজ পেলেন এক বড়সড় ধাক্কা।
এনডিএ সরকার থেকে বেড়িয়ে এসে বিজেপির বিরোধীতা করলেও কাজের কাজ কিছুই হয়নি৷ এবারে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে এসেছে দ্বিতীয় মোদী সরকার। সেখানেই প্রথম ধাক্কাটি খান চন্দ্রবাবু নাইডু৷ এবারে টিডিপির ৪ জন সাংসদ বিজেপিতে যোগদানের দরুণ ফের দ্বিতীয় ধাক্কাটি খেলেন তিনি।
রাজ্যসভায় টিডিপির সাংসদ সংখ্যা ৬ জন৷ তাদের মধ্যে ৪ জন সাংসদই যোগ দিলেন বিজেপিতে। ফলে এই মুহূর্তে রাজ্যসভার প্রায় পুরো দলটাই টিডিপি ছেড়ে যোগ দিলো বিজেপিতে। ফলস্বরূপ এবারে বেশ চাপেই চন্দ্রবাবু নাইডু। প্রথমে টিডিপির এই চার জন সাংসদ বিজেপিতে যোগ দিতে আবেদন করেন রাষ্ট্রপতির নিকট৷ রাষ্ট্রপতি সেই অনুমতি দিলে তাঁরা প্রথমে দেখা করেন চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডুর সঙ্গে। এরপর বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে সেই টিডিপি সাংসদরা যোগ দেন বিজেপিতে।
এই ঘটনার পর চন্দ্রবাবু নাইডু লন্ডনে বসে জানিয়েছেন যে, বিজেপি তাদের দল ভাঙছে। এর তীব্র নিন্দা করা উচিৎ। তবে তিনি দলের বাকী নেতা নেত্রীদের বলেছেন যে, চিন্তার কিছু নেই৷ সবাই মিলে একতা বজায় রেখে যেন কাজ করেন তারা।