জামিন মঞ্জুর রিয়া চক্রবর্তীর, আপাতত জেলেই থাকছেন ভাই শৌভিক

অবশেষে ২৮ দিন জেলে কাটানোর পর জামিন পেলেন মাদক কাণ্ডে অভিযুক্ত অভিনেত্রী রিয়া চক্রবর্তী। তবে ভাগ্য সুপ্রসন্ন ছিল না তার ভাই শৌভিকের। আপাতত জেলেই থাকবে শৌভিক।

বিশেষ এনডিপিএস আদালত রিয়া, শৌভিক ও আরও ১৮ জনের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়িয়ে করেছিল ২০শে অক্টোবর পর্যন্ত। এর আগে এনোডিপিএস আদালত রিয়ার জামিনের আর্জি খারিজ করার পর হাইকোর্টের দ্বারস্থ হন অভিনেত্রী। কিন্তু তারপরেও মেলেনি জামিন। এদিন সরকার পক্ষ থেকে বলা হয় জামিনের অর্ডার এক সপ্তাহ বাদে দেওয়া হোক, কিন্তু এই মতে রাজি ছিলেন না বিচারক কোটওয়ালের বেঞ্চ। তারা জানায়, উপর মহল থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে জামিনের জন্য।

এদিন রিয়ার সঙ্গে জামিন পেয়েছন সুশান্ত সিং রাজপুতের বাড়িতে কর্মরত স্যামুয়েল মিরান্ডা ও দীপেশ মিরান্ডা। তবে, জামিন পেলেও আগামী দশদিন থানায় রোজ হাজিরা দিতে হবে রিয়াকে। থানায় জমা রাখতে নিজের পাসপোর্ট। বিদেশে যাওয়ার আগে আদালতের অনুমতি নিতে হবে। এমনকি, মুম্বই শহরের বাইরে যেতে গেলেও অনুমতি নিতে হবে তদন্তকারী অফিসারদের।

উল্লেখ্য, গত ৮ই সেপ্টেম্বর মাদক যোগে সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করে এনসিবি। তার চারদিন আগে গ্রেফতার হন তার ভাই শৌভিক চক্রবর্তী। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের জট খুলতে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় রিয়াকে। বাজেয়াপ্ত করা হয়েছিল তার ফোন ও ল্যাপটপ। তার ফোনের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকেই তার সঙ্গে মাদক যোগের দিকটি সামনে আসে। এরপরই গ্রেফতার হন রিয়া। কিছুদিন আগে তার বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় দেড় কেজি চরস উদ্ধার করা হয়েছে। শোনা যায়, ভাই শৌভিক ও স্যামুয়েল মিরান্ডাকে দিয়ে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের জন্য মাদক আনাতেন তিনি। চা, কফি ও পানীয়ের সঙ্গে মিশিয়ে সুশান্তকে মাদক দিতেন তিনি, এমন অভিযোগও উঠে। বর্তমানে মুম্বইয়ের বাইকুল্লা জেলে রয়েছেন রিয়া।

অন্যদিকে, সুশান্তের ফরেন্সিক রিপোর্ট থেকে দিল্লির এইমস জানায়, সুশান্তের মৃত্যু আত্মহত্যাই, খুন নয়। এরপরই ক্রমশ জোরালো হয় রিয়ার মুক্তির দাবী। তার জামিন চেয়ে দাবী জানিয়েছেন বলিউডের একাংশ। মাদকযোগের বিষয়ে ইতিমধ্যেই এনসিবির তরফ থেকে জেরা করা হয়েছে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, রকুল প্রীত, সারা আলি খান, ও শ্রদ্ধা কপূরকে।

আরও অন্যান্য খবর