উত্তরবঙ্গের সফর শেষ করে এবার এই করোনা পরিস্থিতির মধ্যে দ্বিতীয় সফরের জন্য ঝাড়গ্রামে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানকার এক প্রশাসনিক বৈঠকে যোগদান করে তিনি বলেন বিভিন্ন লরির চাকা থেকেও করোনা সংক্রমিত হওয়ার ভয় রয়েছে। বুধবার ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকে গিয়ে মুখ্যমন্ত্রী সেখানকার সংশ্লিষ্ট জেলার করোনার পরিস্থিতির সম্পর্কে জানতে চান। ঝাড়গ্রামে দিনের পর দিন করোনা সংক্রমণ বেড়েই চলেছে। সেই ক্ষেত্রে সকলকে সাবধানে থাকার পরামর্শ দেন তিনি। তার মতে মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার নিয়মিত করতে হবে। সেখানে উপস্থিত অনেকেই মাস্ক ব্যবহার করেননি। তাদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন রোগ হলে তা আটকানো যাবে না তাই তার আগেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। যারা গরীব, টাকার জন্য যারা মাস্ক কিনতে পারছেন না, তদের সবাইকে পুলিশ প্রশাসন থেকে মাস্ক বিতরণ করার কথাও বলেন মমতা।
এদিন বৈঠকে মমতা বলেন, “মুম্বই, চেন্নাই, ঝাড়খণ্ড থেকে ঝাড়গ্রামে প্রচুর লরি ঢোকে, তাহলে বাজারের থলে থেকে যদি করোনা ছড়াতে পারে, তবে এইসব লরির চাকা থেকেও করোনা সংক্রমণ হতে পারে। এই বিষয়টি নিয়ে ভাবা দরকার”।
এরপরই তিনি জেলা প্রশাসককে নির্দেশ দেন যাতে সেই ভিন্ন ভিন্ন রাজ্য থেকে আসা লরিগুলিকে ভালো করে স্যানিটাইজেশন করা হয় এবং এ ক্ষেত্রে কিছু নিয়মেরও কড়াকড়ি করার কথা বলেন তিনি। সবরকম সুরক্ষা বিধি মেনেই যাতে লরিগুলি ঝাড়গ্রামে ঢোকে, সেদিকেও খেয়াল রাখার কথা বলেন মুখ্যমন্ত্রী। তাছাড়া, লরি চালকদের থেকে যাতে কোনওভাবে সংক্রমণ না ছড়ায়, সেদিকেও বিশেষ লক্ষ্য রাখার কথা বলা হয়েছে। প্রশাসনের উপর দায়িত্ব দেওয়া হয়েছে যাতে গ্রামের রাস্তা দিয়ে কোনও লরি চলাচল না করে, প্রয়োজনে টোল প্লাজায় লরির চাকার ফরেন্সিক টেস্ট করানোর দিকেও আলোকপাত করান মমতা বন্দ্যোপাধ্যায়।





