সকল সমস্যা ও ঝামেলা মিটিয়ে একেবারে জ্যাকপট তুলেছিল এটিকে-মোহনবাগান। পাঁচ বছরের চুক্তিতে দেশের সেরা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানকে তুলে নিয়েছে তারা। রক্ষণে জোর বাড়াতে এটিকেএমবিতে যোগ দিচ্ছেন পাঞ্জাবের এই ডিফেন্ডার।
কিন্তু বাকি ফ্র্যাঞ্চাইজি ছেড়ে কেন এটিকে-মোহনবাগানেই যোগ দিলেন সন্দেশ? সেই বিষয়ই খোলসা করেছেন সন্দেশ একটি সাক্ষাৎকারে। এটিকে-মোহনবাগান নিয়ে সন্দেশ বলেছেন, “এটিকে-মোহনবাগানের দুরদৃষ্টিমূলক পরিকল্পনা বড়ই লোভনীয়। যখন তাদের প্রকল্পের বিষয়ে শুনেছি, আমি সেটির অংশ হতে চেয়েছিলাম। এটি একটি দুর্দান্ত প্রকল্প আর এটির পিছনে যেভাবে তারা লেগে রয়েছে তা অসাধারণ। এটিই এটিকে-মোহনবাগানকে একটি চ্যাম্পিয়ন স্কোয়াড তৈরি করতে সাহায্য করেছে।”
সন্দেশ আরও বলেছেন, “তাদের কাছে দুর্দান্ত সব খেলোয়াড় রয়েছে এবং এমন একজন কোচ রয়েছে যিনি জানেন খেতাব কিভাবে জিততে হয়। হাবাস আমার খেলা বোঝেন এবং আমি নিশ্চিত যে আমি ওনার অধীনে আরও উন্নতি করব। আমি আমার সকল কোচের কথা শুনেছিলাম, যা আরও কঠিন হয়ে উঠেছিল এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। কিন্তু শেষ অবধি আমি আমার মনের কথা শুনে এটিকে-মোহনবাগানকে হ্যাঁ জানিয়েছি।”





