সবে উত্তরবঙ্গের সফর শেষ করে এই করোনা পরিস্থিতিতে দ্বিতীয় সফরের জন্য ঝাড়গ্রামে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে প্রশাসনিক বৈঠকে যোগ দেন তিনি। বৈঠকে ঝাড়গ্রামের করোনা সংক্রমণের পরিস্থিতি নিয়ে চলে বিস্তর আলোচনা। এই বৈঠকের ফাঁকেই ঝাড়গ্রামের কনক দুর্গা মন্দির পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। সেখানেই মন্দিরের সংস্কারের জন্য ২ কোটি টাকা বরাদ্দ করেন তিনি।

বুধবার, ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকের মাঝে কনক মন্দিরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বাংলার মানুষের জন্য কনক দুর্গার কাছে প্রার্থনা করেন তিনি। ঘুরে দেখেন মন্দির প্রাঙ্গন। বিভিন্ন সেবায়তের সঙ্গেও কথা হয় তাঁর। এরপরই মন্দিরের জরাজীর্ণ অবস্থা দেখে মন্দির সংস্করণের জন্য ২ কোটি টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন তিনি।
উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় তারাপীঠ, কালীঘাটের মতো মন্দিরের সংস্কার করা হয়েছে। এছাড়াও, এদিন প্রশাসনিক বৈঠকে উপস্থিত থেকে ঝাড়গ্রামের মানুষদের করোনার বিধিনিষেধ সম্বন্ধেও অবগত করেন তিনি। মাস্ক পরা ও স্যানিটাইজেশন যে বাধ্যতামূলক, একথাও বারবার মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী।






