বটে দেশটার নাম পাকিস্তান (Pakistan)! বিভিন্ন ইস্যুতে বারবার বিশ্বের সামনে মাথা নিচু করেও যারা নিজেদের শুধরাতে শেখেনি। ফের একবার বিশ্ব দরবারে লজ্জিত হল ইমরান সরকার। সম্প্রতি, এশিয়া-প্যাসিফিক গ্রুপের (APG) রিপোর্টে চাঞ্চল্যকর একটি তথ্য উঠে এসেছে। জানা যাচ্ছে সন্ত্রাস দমনের উদ্দেশ্যে পাকিস্তানকে অর্থের ব্যবহার রুখতে ৪০টি সুপারিশ করা হয়েছিল। কিন্তু আশ্চর্যজনক ভাবে এর মধ্যে মাত্র দুটি কার্যকর করেছে পাকিস্তান। এপিজি জানাচ্ছে এক বছর আগে পাকিস্তান মাত্র একটি সুপারিশ মান্য করেছিল।
এখন সেই সংখ্যাটি দুই হয়েছে। এফএটিএফ ভার্চুয়াল প্লেনারি হবে ২১-২৩ অক্টোবর। সেখানে সন্ত্রাসের জন্য অর্থের ব্যবহার রুখতে পাকিস্তান কতটা কাজ করেছে, সেটা নির্ধারিত হবে। এপিজি জানিয়েছে তারা যে ৪০টি সুপারিশ দিয়েছে তার মধ্যে পাকিস্তান একদমই মান্য করেনি চারটি, আংশিক মেনেছে ২৫টি ও মোটের ওপর সুপারিশ মেনেছে নয়টি ক্ষেত্রে। তবে শুধু দুটি ক্ষেত্রেই পুরো কাজ হয়েছে। একই সঙ্গে তারা বলছে যে নন-প্রফিট অর্গানাইজেশনের আড়ালে সন্ত্রাসের কাজ এখনও চলছে পাকিস্তানে। চ্যারিটি সংস্থার নেপথ্যে থাকছে সন্ত্রাসবাদী সংগঠন যারা সেই অর্থ ব্যবহার করছে জঙ্গি কার্যকলাপের জন্য। এমন ১৩০৭টি সংস্থাকে চিহ্নিত করা হয়েছে।
বর্তমানে ইমরান খানের (Imran Khan) সরকার গ্রে লিস্টে (Gray listed) আছে। সূত্রের খবর, চীন, তুরস্ক ও মালয়েশিয়ার বদান্যতায় সেখানেই থাকবে তারা। পাকিস্তান ব্ল্যাক লিস্টে গেলে তাদের ওপর আর্থিক কড়াকড়ি আরও বৃদ্ধি পাবে। কিন্তু তিনটি দেশ আপত্তি জানালেই সেটা আটকানো যাবে।
প্রসঙ্গত উল্লেখ্য, আর মাত্র এক সপ্তাহ বাদেই Financial Action Task Force (FATF)-এর গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। তারাই ঠিক করবে বিদেশ থেকে পাকিস্তান বিভিন্ন খাতে টাকা পাবে কিনা। তার আগেই এফএটিএফ-এর শাখা সংগঠনের রিপোর্টে উঠে এল উদ্বেগজনক চিত্র।






