গতকাল হঠাৎই এক গগনভেদী আওয়াজে সচকিত হয় বেলেঘাটা এলাকা। ঘড়ির কাঁটা বলছে তখন বাজে সকাল সাড়ে ৬টা। বেলেঘাটার গান্ধীমাঠ ফ্রেন্ডস সার্কেল (Gandhi math friends Circle) নামে একটি ক্লাবের তিনতলার ঘর থেকে এক বিকট আওয়াজ শুনতে পান বাসিন্দারা। প্রতিবেশিরা বেরিয়ে দেখেন, ক্লাবের ছাদের ঘরের পাঁচিল ভেঙে গিয়েছে। তার মাথায় থাকা অ্যাসবেস্টস উড়ে গিয়েছে। রাস্তার চারিদিকে ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে ভাঙা দেওয়ালের টুকরো আর সুতলি। বিস্ফোরণের জেরে আগুনও ধরে যায় ওই ক্লাবে। কিন্তু কীভাবে ঘটল এই বিস্ফোরণ? মেলেনি তথ্য!খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলেঘাটা থানার পুলিশ। বাড়িটি ঘিরে ফেলে তদন্ত শুরু করে তারা। পৌঁছয় পুলিশ কুকুর ও স্নিফার ডগ। এর পর পৌঁছয় ফরেন্সিক দল।
ক্লাবের সদস্যদের দাবি, ওই ভবনের একতলায় একটি কম্পিউটার সেন্টার চলে। দোতলায় রয়েছে ক্লাবটি। সোমবার রাত ১১টা পর্যন্ত সেখানে পুজো নিয়ে বৈঠক করেছেন ক্লাবের সদস্যরা। এবার আসন্ন বিধানসভা ভোটের আগে এই ঘটনাতেই রাজনৈতিক রং লাগাচ্ছেন বিরোধীরা।
এই ঘটনার দায় তৃনমূলের ঘাড়ে চাপিয়ে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya) মঙ্গলবার হিন্দিতে একটি টুইট করেন। সেখানে তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে অরাজকতা ছড়ানোর চেষ্টা করছে তৃণমূল। সেই সঙ্গে তাঁর আরও অভিযোগ, পুলিশ- প্রশাসন ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।
কি লিখেছেন তিনি? টুইটে কৈলাস লিখেছেন, ‘বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল পশ্চিমবঙ্গে অরাজকতা ছড়ানোর চেষ্টায় রয়েছে। বেলেঘাটা মেইন রোডে তৃণমূল প্রভাবিত ক্লাবে ভয়ঙ্কর বিস্ফোরণে আজ তার প্রমাণও মিলেছে। ক্লাবের ছাদ উড়ে গিয়ে কয়েক মিটার দূরে পড়েছে। সেখানে প্রচুর বিস্ফোরক মজুত ছিল বলে অনুমান। পুলিশ ব্যাপারটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।’






