বলিউডে এখন সবচেয়ে বেশী চর্চিত বিষয় হল রণবীর-আলিয়ার বিয়ে। কবে এই দুই প্রেমিক-প্রেমিকা যুগল সাতপাকে বাঁধা পড়বেন, সেই দিকে তাকিয়ে গোটা বলিউড ও তাদের ভক্তমহল। কানাঘুষো শোনা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি তাদের বিয়ের তোড়জোড় শুরু করা হয়েছে দুই পরিবারের তরফ থেকে। সম্প্রতি, রণবীর কপূরের মা নীতু সিং-এর একটি নাচের ভিডিও সামনে আসতেই তাতে যেন শিলমোহর পড়েছে। রণবীর আলিয়া কবে গাঁটছড়া বাঁধবেন, এই প্রশ্নই এখন বলিউডের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। এবার তাদের বিয়ে নিয়েই ফাঁস হল এক চাঞ্চল্যকর তথ্য।
অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, চলতি বছরের শেষের দিকেই নাকি বিয়ের পরিকল্পনা করছে অভিনেতা অভিনেত্রী। গত বছর থেকেই তাদের বিয়ের খবরে উত্তাল সোশ্যাল মিডিয়া। কানে এসেছে একের পর বিয়ের তারিখ কিন্তু শেষ পর্যন্ত কোনও তারিখেই দু’হাত এক হয়নি। এমনকি, কিছুদিন আগেও শোনা যায় যে তাদের বিয়ে নিয়ে জোর কদমে তোড়জোড় করছে দুই পরিবার। ক্যাটারিং থেকে ডিজাইনার পোশাক, সবই নাকি প্রায় ঠিক। কিন্তু এরপরই রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে তাদেরই পরিবারের এক ঘনিষ্ঠের থেকে পাওয়া গেল অন্য তথ্য।
সেই ঘনিষ্ঠের কথা অনুযায়ী, এই মুহূর্তেই বিয়ের কথা ভাবছেন না ‘লাভ বার্ডস’-এর কেউই। চলতি বছর তো নয়ই, বরনহ আগামী বছরেও দুজনের বিয়ের কোনও পরিকল্পনা নেই। চলতি বছরের এপ্রিল মাসেই মৃত্যু হয়েছে ঋষি কপূরের, এই মুহূর্তে তাই বিয়ের কোনও আশাই নেই রণবীর-আলিয়ার, এমনটাই জানা গেছে ঘনিষ্ঠ সূত্রে। তবে রণবীর ও আলিয়া যদি নিজের থেকে বিয়ের সিদ্ধান্ত নেন, তবে তাতে দুই পরিবারেরই কোনও আপত্তি নেই, এই উঠে এসেছে তথ্যে।
প্রসঙ্গত, নীতু সিং-এর নাচের ভিডিওর সঙ্গে রণবীর আলিয়ার বিয়ের কোনও সম্পর্ক নেই বলেই জানিয়েছে কপূর পরিবারের ঘনিষ্ঠ। আপাতত তারা দুজনেই নিজেদের কেরিয়ার গড়তে ব্যস্ত। পরিচালক অয়ন মুখার্জীর পরবর্তী ছবি ‘ব্রহ্মাস্ত্র’-তে একসঙ্গে দেখা যাবে রণবীর আলিয়াকে।





