বলিউডে এখন মা হওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে, বলছেন নেটিজেনরা। অনুষ্কা শর্মা, করিনা কাপুর খান, সাগরিকার পর গতকালই জানা গিয়েছে, মা হচ্ছেন বিবাহ অভিনেত্রী অমৃতা রাও। বিয়ের চার বছর পর মা হচ্ছেন এই মিষ্টি অভিনেত্রী। বেবি বাম্প নিয়ে স্বামীর সঙ্গে দাঁড়িয়ে থাকা অবস্থায় অমৃতার একটি ছবি গতকালই ভাইরাল হয়েছে। এবার একটি অভিনব তথ্য ফাঁস করলেন অমৃতা। জানালেন, প্রতি রাতে স্বামী আরজে আনমোল তাঁকে গীতাপাঠ করে শোনান।
তিনি জানান, বর্তমানে তাঁর স্বামী আরজে আনমোল বাড়িতে থেকে কাজ করছেন। একসঙ্গে তাঁরা অনেকটা সময় কাটাতে পারছেন। আরও জানালেন, আনমোল তাঁকে প্রতি রাতে ভগবত গীতার একটি অংশ পড়ে শোনান। স্বাভাবিকভাবেই তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসার পর অনেকেই খুশি হয়েছেন। জন্মের আগেই যেভাবে গর্ভস্থ শিশুর পরিচর্যা করছেন এই দম্পতি, তার জন্য অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন তাদের।
বলিউডে এখন হবু বাবা মায়ের সংখ্যা দিন দিন বাড়ছে।জুলাই মাসেই বাবা হয়েছেন ক্রিকেটার হার্দিক পান্ডিয়া, অভিনেত্রী এবং হার্দিকের স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচ তাঁর সন্তানের জন্ম দিয়েছেন। এরপর এই খবর মিলেছিল ভারতীয় ক্রিকেট দলের ফার্স্ট লেডি এবং বলিউডের প্রথম সারির অভিনেত্রী অনুষ্কা শর্মা সন্তানসম্ভবা, অধিনায়ক বিরাট কোহলি এবং অভিনেত্রী অনুষ্কা শর্মা আগামী বছর জানুয়ারিতে পেরেন্টস হতে চলেছেন। এরপর জানা যায় বেবো দ্বিতীয়বারের জন্য অন্তঃসত্ত্বা। সাইফ আলি খান চতুর্থবারের জন্য বাবা হতে চলেছেন। তারপরে সামনে আসে ক্রিকেটার জাহির খান এবং স্ত্রী অভিনেত্রী সাগরিকার হবু বাবা মা হওয়ার সংবাদ। এই তালিকায় একদম লেটেস্ট সংযোজন হল অভিনেত্রী অমৃতা রাও।





