এখন আইপিএল মানেই আম্পায়ারিং নিয়ে বিতর্ক লেগেই থাকে। এই বছর সংযুক্ত আরব আমিরশাহির মাঠে চলা আইপিএলের শুরু থেকেই প্রশ্ন উঠেছে আম্পায়ারিং নিয়ে। মঙ্গলবার সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচেও তার ব্যতিক্রম হল না। তবে এদিন আবার আম্পায়ারিং সাথে সাথে নাম জড়িয়ে গেল চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির। চেন্নাইয়ের করা ১৬৭ রান তাড়া করতে নেমে শেষ ১২ বলে হায়দ্রাবাদের ২৭ রান দরকার ছিল।
১৯ তম ওভারে বল করতে আসেন শার্দুল ঠাকুর। সেই ওভারেই একটি বল অফ স্টাম্পের বাইরে করেন তিনি, যা স্পষ্ট ওয়াইড ছিল। ওয়াইড সিগন্যাল দিতে হাতও তুলে দিয়েছিলেন আম্পায়ার। কিন্তু উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনি ক্ষুদ্ধ হয়ে তাকাতেই নিজের সিদ্ধান্ত বদল করলেন আম্পায়ার। আর প্রাক্তন ভারত অধিনায়কের হঠাৎ করে এই আচরণে আম্পায়ারের সিদ্ধান্ত বদল নিয়ে শুরু হয়ে যায় বিতর্ক।
মাঠের আম্পায়ারকে খেলোয়াড়রা প্রভাবিত করছেন বলে শোরগোল পড়ে যায়। সমালোচনার ঝড় বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। শুরু হয় ধোনিকে কটাক্ষ করা। সোশ্যাল মিডিয়ায় কয়েকজন ধোনির মতো কিংবদন্তির পক্ষে কথা বলতে থাকেন তো কয়েকজন আবার আইপিএল সহ ধোনিরও সমালোচনা শুরু করে। মূহুর্তের মধ্যে কেউ কেউ আইপিএলে ফিক্সিং লিগও বলে দেন। তবে এখনও পর্যন্ত আইপিএল কমিটি এই বিষয় নিয়ে কোনও মন্তব্য করেনি।






