সকাল সকাল ভয়াবহ অগ্নিকাণ্ড সল্টলেকে, নিমেষে পুড়ে ছাই এফডি ব্লকের পুজো মণ্ডপ

সকালবেলাই ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল সল্টলেকের এফডি ব্লকের পুজো মণ্ডপ। মণ্ডপের ভেতরে প্রতিমা এখনও নিরঞ্জন হয়নি। প্রতিমার কী অবস্থা তা অবশ্য এখনও জানা যায়নি। কী থেকে এমন ভয়াবহ অগ্নিকান্ড ঘটল, তা খতিয়ে দেখবে পুলিশ।

আজ সকাল ৬টা ২০ মিনিট নাগাদ মণ্ডপ থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। এই সময় কেউ ছিল না মণ্ডপে। দাউদাউ করে আগুন জ্বলে উঠে, মুহূর্তে আগুন গোটা মণ্ডপে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ৩টি দমকলের ইঞ্জিন পৌঁছায়। এরপর ধীরে ধীরে আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু তার মধ্যেই গোটা মণ্ডপ পুড়ে গিয়েছে। প্রতিমা মণ্ডপের ভেতরেই ছিল। আজ, বুধবারই প্রতিমা বিসর্জনের কথা। তার আগেই এরকম এক অগ্নিকাণ্ডের জেরে বিমর্ষ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

কিন্তু কী থেকে এমন ভয়াবহ আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। দক্ষিণ বিধাননগর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এরপর এই বিষয়ে খতিয়ে দেখা হবে। মণ্ডপে ছিল সিসিটিভি ক্যামেরা। সেই ফুটেজের ভিত্তিতেই আগুন লাগার কারণ জানার চেষ্টা করা হবে বলে জানা গিয়েছে।

এফডি ব্লকের পুজো মণ্ডপে আগুন লাগার ঘটনাকে মোটেই সহজভাবে নিতে রাজী নন দমকলমন্ত্রী। কীভাবে আগুন লাগল তার খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি। ফরেনসিক তদন্তের কথাও জানানো হয়েছে। পুলিশের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন দমকলমন্ত্রী। সকালেই ঘটনাস্থল পরিদর্শনে যায় দমকল আধিকারিকরা। পুজোর উদ্যোক্তাদের মতে, কেউ ইচ্ছা করে মণ্ডপে আগুন লাগিয়েছে।

আরও অন্যান্য খবর