বাজেট ২০১৯ : উচ্চশিক্ষা খাতে ৪০০ কোটি বরাদ্দ করলো কেন্দ্রীয় সরকার।

আজ কেন্দ্রীয় সরকারের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারমণ৷ বাজেটে উচ্চশিক্ষা ক্ষেত্রে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। উচ্চশিক্ষা খাতে এবারে কেন্দ্রীয় সরকার বরাদ্দ করতে চলেছে মোট ৪০০ কোটি টাকা।

আজ বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারমণ জানান যে, কিছু বছর পূর্বেও দেশের কোনো ইউনিভার্সিটি বিশ্বের প্রথম ২০০ টি ইউনিভার্সিটির মধ্যে স্থান করতে পারেনি। কিন্তু এখন বিশ্বের প্রথম ২০০ টি ইউনিভার্সিটির মধ্যে তিনটি ভারতীয় ইউনিভার্সিটি স্থান পেয়েছে। আর তাই এই বিশ্বমানের ইউনিভার্সিটিগুলোর পরিকাঠামো উন্নতিতে বরাদ্দ হবে বেশ অনেক অর্থ৷ উদ্দেশ্য একটাই, ভারতীয় ছাত্রছাত্রীদের পাশাপাশি বিদেশী ছাত্রছাত্রীদেরও ভারতে পড়াশুনা করার জন্য উৎসাহ জোগানো।

 

এছাড়াও এদিন অর্থমন্ত্রী জানিয়েছেন যে, গবেষণা ক্ষেত্রে বিশেষ জোর দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। আর তার জন্য তৈরী করা হবে একটি জাতীয় গবেষণা সংগঠন। ক্রীড়াশিক্ষার উন্নতির জন্য খেলো ইন্ডিয়া প্রকল্পের অধীনে জাতীয় ক্রীড়াশিক্ষা পর্ষদও গঠন করা হবে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রী।

এসবের পাশাপাশি উন্নত প্রযুক্তির কারিগরি শিক্ষাতের জোর দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। কর্মসংস্থানের জন্য কেন্দ্রীয় সরকার জোর দিতে চলেছে ডেটা সায়েন্স, রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স এর মতো বিষয়গুলোতে৷ কেন্দ্রীয় সরকারের লক্ষ্য নতুন প্রজন্মকে এবিষয়ে আরও দক্ষ করে তোলা৷

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর