এবারে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠলো চিকিৎসককে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার।

ফের আক্রান্ত হলেন সরকারি হাসপাতালের চিকিৎসক। না, এবারে কোনো রোগীর পরিবার বা আত্মীয়দের হাতে নয়। বরং এবারে চিকিৎসক আক্রান্ত হলেন পুলিশের হাতেই৷

 

ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার জামবাড়ি এলাকায়। সূত্রের খবর, গতকাল সকাল ১১ টা নাগাদ ফার্মাসিস্টের বাইকে চেঁপে স্বাস্থ্যকেন্দ্রের দিকে যাচ্ছিলেন ইটাহার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক অনির্বাণ সেনগুপ্ত। সেসময় জাতীয় সড়কে তাদের পেছনে চলে আসে একটি পুলিশ ভ্যান৷ চিকিৎসকের অভিযোগ, পুলিশ ভ্যানে থাকা পুলিশেরা ‘মত্ত’ অবস্থাতে ছিলেন। জাতীয় সড়কে তাদের বাইকের সাইড দিতে একটু দেরী হওয়ায় সেই পুলিশ ভ্যানটি তাদের ওভারটেক করে তাদের পথ আটকে দাঁড়ায়।

অভিযোগ, এরপরই সেই চিকিৎসক এবং ফার্মাসিস্টকে পুলিশ ভ্যান থেকে পুলিশেরা মারধর করেন৷ পুলিশের মারে মাথাও ফেটে যায় সেই চিকিৎসকের। এরপর স্থানীয়রা সেখানে জমায়েত হলে পুলিশেরা পিছু হটেন বলে জানা যায়। এই ঘটনায় মুখে রীতিমতো কুলুপ এঁটেছেন রায়গঞ্জ থানার পুলিশ আধিকারিকেরা। এই ঘটনায় জেলা পুলিশকে যে অস্বস্তিতে ফেলেছে তা বলার অপেক্ষা রাখেনা৷

আরও অন্যান্য খবর