দিন দুয়েক হল রাজ্য রাজনীতিতে সবথেকে বেশি আলোচিত হচ্ছে তৃণমূল সরকারের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে। তিনি কি আদৌ তৃণমূলে থাকছেন নাকি বিজেপিতে যাচ্ছেন এই নিয়ে চলছে তুমুল জল্পনা আবার অনেকের বক্তব্য তিনি নাকি নতুন দল গড়তে চলেছেন। এই শেষের সম্ভাবনাটাকে কিন্তু একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না তার কারণ শুভেন্দুর অনুগামীরা।
শুভেন্দুর অনুগামীদের দৌলতেই কান্দিতে ফের দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীকে। তবে সশরীরে নয়, পোস্টারে পোস্টারে। সহজ-সরল ভাষায় সেই পোস্টারে লেখা “আমরা দাদার অনুগামী”। এই পোস্টারে রয়েছে শুভেন্দু অধিকারীর বড় ছবি যেখানে তাকে মুচকি হাসতে দেখা যাচ্ছে।
হঠাৎ করে এই পোস্টার দেখে চমকে উঠেছেন সকলে, এই দাদার অনুগামীরা কারা এবং হঠাৎ করে শুভেন্দুর এত বড় ছবি দিয়ে পোস্টার তৈরি কেন? কাল থেকেই চলছে আলোচনা। তত্ত্ব,পাল্টা তত্ত্ব দিয়ে যুক্তি সাজাচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা কিন্তু নিশ্চিত ভাবে এখনো কেউ কিছুই বলতে পারছেন না।
বিরোধীরা বলছেন যে তৃণমূলের খুব শীঘ্রই শেষ রজনী কাটাবেন শুভেন্দু কারণ তিনি ইতিমধ্যে দিল্লির দিকে পা বাড়িয়ে ফেলেছেন। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তার আলোচনা হয়েছে। তাই শীঘ্রই তাকে নতুন অবতারে দেখা যেতে পারে।
যারা তার অনুগামী তারা শুভেন্দু যদি দল ছাড়েন কী করবেন তা বুঝে উঠতে পারছেন না। এমনকি এখন শুভেন্দু অধিকারী দলের সঙ্গে সেই ভাবে সংযুক্ত না থাকায় তারা নিজেরাই হালে পানি পাচ্ছেন না। তাই তারা এখন শুভেন্দুর সঙ্গে সঙ্গেই যেতে চান। সেই জন্যেই এই পোস্টারের অবতারণা যাতে দাদাকে বুঝিয়ে দেওয়া যায় যে, দাদা আপনি যে দিকে যাবেন আমরাও সেদিকেই যাব।
তবে শুভেন্দু জানিয়েছেন যে এসব অপপ্রচার এবং ছোটলোকের কাজ। তিনি অপপ্রচারের উত্তর দেবেন না। কিন্তু রাজনৈতিক মহলে যে ফিসফাস চলছে তা কি একেবারে উড়িয়ে দেওয়া যায়?
অনুগামীরা যেহেতু শুভেন্দুর মতিগতি স্থির করতে পারছেন না তাই তারা দু নৌকায় পা ফেলে চলছেন। যদি তৃণমূলেই থেকে যান শুভেন্দু তাহলে তারা দাদার অনুগামী হয়ে দলে থাকবেন। আবার যদি ঘাসফুল থেকে পদ্ম শিবিরে নাম লেখান দাপুটে তৃণমূল নেতা তাহলে তখন নাহয় পদ্ম শিবিরেই যাওয়া যাবে। দাদাকে সরাসরি তো এই বিষয়ে কিছু কেউ বলতে পারছেন না তাই এই পোস্টারের মাধ্যমেই এই বার্তা দাদাকে পরোক্ষভাবে দেওয়া হল বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!