আইপিএলের অনুশীলনের জন্য ঘরোয়া ক্রিকেটে মন দিক ধোনি, পরামর্শ গাভাস্কারের

রবিবার কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে টসের সময় অবসরের সব জল্পনা উড়িয়ে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। জানিয়েছিলেন তিনি আগামী আইপিএলেও খেলবেন। তাকে জিজ্ঞাসা করা হয় এই মরশুমই তার শেষ কি না, সেই প্রশ্নের উত্তরে ধোনি জানান, “ডেফিনেটলি নট”। কিন্তু এই বছর আইপিএলে ধোনির ফর্ম একেবারেই ভালো ছিল না, যার জন্য চেন্নাই শিবিরকেও মুশকিলে পড়তে হয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়ে ফেলা ধোনি কি পরের মরসুমেও ভালো ফর্মে খেলতে পারবেন? সেই বিষয় নিয়েই সন্দেহ রয়েছে সকলের মনে। কোনও রকম ম্যাচ না খেলেই সোজাসুজি আইপিএল খেলতে নামলে তা ঠিক হচ্ছে না একেবারেই। এই বিষয়ে ভারতীয় ক্রিকেটের প্রাক্তন কিংবদন্তি সুনীল গাভাস্কার সেই বিষয়েই পরামর্শ দিচ্ছেন ধোনিকে। গাভাস্কার ধোনিকে ঘরোয়া ক্রিকেটে খেলার পরামর্শ দিচ্ছেন।

তিনি বলছেন, “ওকে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। নেটে কখনওই ম্যাচের মতো অনুভূতি আসে না। ও যত প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলবে, তত লাভবান হবে। যদি ঘরোয়া ক্রিকেটে খেলে, তাহলে ধোনি পরের আইপিএলে চারশো রান করবে। তবে ওর যা বয়স, তাতে টাইমিংয়ের সমস্যা তাতে মেটে না। বয়সের সঙ্গে সঙ্গে টাইমিংয়ে প্রভাব পড়ে।” বলা বাহুল্য, এই বছর আইপিএল থেকে ছিটকে গিয়েছে চেন্নাই সুপার কিংস। সেই সঙ্গে ধোনির অধিনায়কত্বও তেমন নজর কাড়েনি।

আরও অন্যান্য খবর