গতকাল সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে হেরে এবারের মত ছিটকে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই বছর অনেকেই আরসিবির উপর ভরসা রেখেছিলেন, শুরুটাও বেশ ভালোভাবে করেছিল তারা। কিন্তু শেষে পরপর পাঁচ ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হল কোহলিদের।
কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে এমন বাজে হারের কারণ কি? এই প্রসঙ্গে স্পষ্ট বার্তাই দিলেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেছেন, “প্রথম ইনিংসের কথা বলতে গেলে আমরা খুব বেশি রান তুলতে পারিনি। দ্বিতীয় ইনিংসে আমরা লড়াই করেছিলাম বটে, কিন্তু অল্প মার্জিনের জন্য জিততে পারিনি। প্রথমার্ধে আমরা ভালো রান তুলতে পারিনি।”
যদিও এবারের ব্যর্থতার জন্য বোলিংয়ের তুলনায় ব্যাটিংকেই দায়ী করেছেন বিরাট। তিনি মনে করেন যে ব্যাটিংয়ে খারাপ পারফর্মেন্সের জন্য পুরো চাপ এসে পড়েছে বোলিং বিভাগের উপর। আর সেই কারণে জয় আসছিল না। পাশাপাশি এবারের আইপিএলকে সবথেকে প্রতিদ্বন্দ্বিতামূলক হিসেবে ব্যাখ্যা করেছেন বিরাট। তিনি বলেছেন, ‘‘এটা একটা কঠিন বছর, আইপিএলে নিজের দলের শক্তি জানা যায়৷ এবার কোনও হোম এবং অ্যাওয়ে ছিল না৷ সকলই একই পরিস্থিতিতে খেলেছে৷ ফলে ভিতরের শক্তি বেরিয়ে আসে৷ এর জন্যেই খুব সম্ভবত আইপিএল আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে৷ ’’





