দেশ হোক বা বিদেশ বিতর্কিত মন্তব্য করতে পিছপা হননা বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (kangana ranaut)। দেশীয় খবরে সর্বদাই শিরোনামে থাকেন তিনি। দেশের রাজনীতির সীমানা ছাড়িয়ে কুইনের নজর এখন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ওপর ৷ সুষ্ঠ মন্তব্য তিনি কখনই করেন না। কটাক্ষ করাই তার স্বভাবজাত।
এবার ৪৬ তম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) সঙ্গে আমির খান অভিনীত সিনেমা গজনির তুলনা করে বসলেন কঙ্গনা রানাওয়াত। বাইডেনকে গজনি সম্বোধন করেন অভিনেত্রী লেখেন, তিনি নাকি পাঁচ মিনিট অন্তর সব ভুলে যান ৷ আর কঙ্গনার এমন ট্যুইটের পর যথেষ্ট বিতর্ক সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। ক্রুদ্ধ নেটিজেনরাও। টানা ৪ দিনের অপেক্ষা ও টানটান উত্তেজনার পর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে।
সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে সর্বাধিক ভোট পেয়ে আমেরিকার ৪৬ তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জো বাইডেন। ৭৭ বয়সী ডেমোক্র্যাট, জো বাইডেনই আমেরিকার ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। অন্যদিকে, আমেরিকার প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বভার নেবেন কমলা হ্যারিস। প্রথম কৃষ্ণাঙ্গ। প্রথম ভারতীয়। এবং অবশ্যই প্রথম মহিলা। শনিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে অনেকগুলি রেকর্ড গড়ে ফেললেন কমলা হ্যারিস। জো বাইডেনের জয়ের সঙ্গে সঙ্গেই ওয়াশিংটনের পাওয়ার করিডরে ঢুকে পড়লেন ভারতীয় কমলা।
বাইডেন-কমলার জয়ের পর বিভিন্ন দিক থেকে ভেসে আসতে থাকে শুভেচ্ছাবার্তা, ওবামা থেকে বরিস জনসন, মোদি থেকে মমতা, নতুন মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান সকলেই ৷ এর মাঝেই কঙ্গনা রানাওয়াতের অদ্ভুত ট্যুইট।
https://twitter.com/KanganaTeam/status/1325288675056312325?s=20
মার্কিন নির্বাচনের ফলাফল ঘোষণার পর অভিনেত্রী ট্যুইট করেন, ‘গজনি বাইডেনের বিষয়ে আমি নিশ্চিত হতে পারছি না। কারণ, তিনি পাঁচ মিনিট পরপর সবকিছু ভুলে যান। তাঁকে এত ওষুধ দেওয়া হয়েছে, এক বছরের বেশি টিকবেন না। কমলা হ্যারিসই কাজ চালাবেন। একজন মহিলার উত্থান হলে তিনি বাকি সব মহিলাকেই পথ দেখান। এটি ঐতিহাসিক দিন।’ বলিউডের এই বিতর্কিত অভিনেত্রীর এমন মন্তব্যে অবাক সকলে ৷






