শুভেন্দুর শক্তি পরীক্ষা কাল। তাকিয়ে শাসক থেকে বিরোধীরা। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার শুভেন্দু অধিকারীর ডাকে নন্দীগ্রাম দিবসের সভা ঘিরে প্রস্তুতি ও বিতর্ক দুই তুঙ্গে রয়েছে। তৃণমূল নয়, সভা হবে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে। আর শুভেন্দুর এই সভার বিরোধিতা করেছে খোদ শাসকদলই।
ইতিমধ্যে দলীয় প্রতীক না থাকলে কোনও সভায় কর্মীদের যোগ না দিতে নির্দেশ দিয়েছেন দলের পূর্ব মেদিনীপুরের সহ সভাপতি অখিল গিরি। তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের কথায়, ‘নন্দীগ্রাম তৃণমূলই দেখবে। নন্দীগ্রামের আন্দোলন হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে। এর বাইরে কোনও খবর আমার কাছে নেই।’
গত ৩১শে অক্টোবর নন্দীগ্রামের সীতানন্দ কলেজের মাঠে এক অনুষ্ঠানে নন্দীগ্রাম দিবস পালনের ডাক দিয়েছিলেন বাংলার রাজনীতির বর্তমান সবচেয়ে বিতর্কিত চরিত্র শুভেন্দু অধিকারী (suvendu adhikary)। জানিয়েছিলেন, ওই সভায় যোগ দেবেন নন্দীগ্রাম ও খেজুরি ব্লকের মানুষ। কিন্তু এর মধ্যে জেলায় জেলায় পড়েছে ‘দাদার অনুগামী’-দের ব্যানার। যা থেকে অনুমান, রাজ্যের বিভিন্ন জেলা থেকে তৃণমূল কর্মীদের একাংশ জমায়েত হবেন ওই সভায়। সেইজন্য আগেভাগে ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে নেমেছে পুলিশ।
বিরোধী দল বিজেপি’র তরফ থেকে এই ঘটনা নিয়ে বলা হয়েছে, বিধানসভা ভোট যত এগোচ্ছে ততই স্পষ্ট হচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ। ভোট পর্যন্ত তৃণমূল কংগ্রেস দলটার অস্তিত্ব থাকবে বলে মনে হয় না।






