অসমের বন্যা পরিস্থিতি ধীরে ধীরে আরও অবনতির পথ। রাজ্যের ৩৩ টি জেলার মধ্যে ২৫ টি জেলাই বন্যা কবলিত৷ দিনে দিনে বাড়ছে মৃতের সংখ্যা৷ গতকাল আরও একজন মারা যাওয়ায় এখনও অবধি অসমে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭।
অসমের ২৫ টি জেলা প্লাবিত হওয়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে এখনও অবধি প্রায় ১৫ লক্ষ মানুষ৷ উদ্ধার কাজে এনডিআরএফ এর সঙ্গে হাত মিলিয়েছেন ভারতীয় সেনাও। রাজ্যের নীচু এলাকাগুলো থেকে এখনও সাধারণ বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ত্রাণ শিবিরে। ৬৮ টি ত্রাণ শিবিরে এখনও অবধি রয়েছেন মোট ২০ হাজারের বেশি সাধারণ মানুষ৷ আবহাওয়া দফতরের খবর অনুযায়ী অসমে আগামী কয়েকদিন আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ কাজেই চিন্তি রাজ্যের আধিকারিকেরা। যদি তাই হয় তবে অসমের বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে।
এদিকে রাজ্যের অবস্থার কথা জানিয়ে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল ফোনে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। অমিত শাহ জানিয়েছেন যে রাজ্যকে এই বিষয়ে সমস্ত সহায়তা করবে কেন্দ্র।