করোনা অতিমারীর (covid-19 pandemic) জেরে বিগত ৭-৮ মাস কঠিনতম পরিস্থিতির মধ্যে কেটেছে আপামর ভারতবাসীর। কাজ হারিয়েছেন বহু মানুষ। কাজ পাওয়ার আশা খুইয়েছেন অনেকেই।
আর এবার সেই ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যে ভারতবাসীকে আবারও কর্মমুখর করে তুলতে করোনা থেকে মুক্তি পর্বে দেশে নতুন কর্মসংস্থানের জন্য ‘আত্মনির্ভর ভারত রোজগার যোজনা’ (atma Nawada Bharat Rojgar Yojana) ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala sitharaman)।
‘আত্মনির্ভর ভারত ৩’ পর্যায়ে ১২টি ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এর ফলে যেসব ইপিএফও অনুমোদিত সংস্থা করোনাকালে নতুন কর্মী নিয়োগ করেছে, তারা উপকৃত হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আগামী ১লা অক্টোবর ২০২০ থেকে এই নয়া প্রকল্প কার্যকর করা হয়েছে।
ইপিএফও রেজিস্টার্ড সংস্থায় মাসে ১৫ হাজার টাকার কম বেতনে নিযুক্ত কর্মীরা এরফলে উপকৃত হবেন এই প্রকল্পে। পাশাপাশি করোনাকালে গত ১লা মার্চ থেকে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমার মধ্যবর্তী কালে ১৫ হাজার টাকার কম বেতনভুক্ত যেসব কর্মী কাজ হারিয়েছেন এবং ১ অক্টোবরের পর কাজে যোগদান করেছেন, তাঁরা উপকৃত হবেন।
১ অক্টোবর ২০২০ থেকে ৩০ জুন ২০২১ সালের মধ্য়ে চাকরিতে নতুন কর্মীদের যেসব সংস্থা নিয়োগ করবে, তাঁরা আগামী ২ বছর এই প্রকল্পের আওতাধীন হবে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে।





