এবার জঙ্গি সংগঠন আল-কায়েদার (Al Qaeda) নজরে বাংলা। পশ্চিমবঙ্গে হামলার ছক কষছে এই আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন। এক রিপোর্টে এমন তথ্যই দিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। গোয়েন্দা সূত্রের খবর এই সংগঠনটির ‘হিট লিস্টে’ রয়েছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন রাজনীতিবিদের নামও। হামলার জন্য রাজ্যে মজুত ‘স্লিপার সেল’গুলিকে কাজে লাগাচ্ছে আল কায়েদা।
প্রসঙ্গত উল্লেখযোগ্য, কিছুদিন আগে বাংলার সরকারকে কটাক্ষ করে বাংলার (West Bengal) রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankar) অভিযোগ করেছিলেন যে, আল কায়দার নিরাপদ আশ্রয়স্থল বাংলা। এবার গোয়েন্দা রিপোর্টে সেই অভিযোগ যে একেবারেই ভিত্তিহীন নয় তা প্রমাণিত হল।
তাৎপর্যপূর্ণ ভাবে এই বছরের সেপ্টেম্বর মাসে কেরল ও পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে ৯ জন আল কায়দা জঙ্গিকে গ্রেপ্তার করেন জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)-এর আধিকারিকরা। এর মধ্যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা থেকে ৬ জনকে গ্রেপ্তার করা হয়।
সূত্রের খবর, ৫ই নভেম্বরের স্বরাষ্ট্রমন্ত্রকে একটি রিপোর্ট দাখিল করেছে ইন্টেলিজেন্স ব্যুরো। সেখানে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের যুবকদের মগজ ধোলাই করছে আল কায়দা। ভারতে নিজেদের উপস্থিতি ঘোষণা করতে পশ্চিমবঙ্গে বড়সড় হামলার পরিকল্পনা করছে সংগঠনটি। করাচি ও পেশোয়ারে রিক্রূটমেন্ট সেন্টার খুলে অনলাইনে বাংলা থেকে সদস্য সংগ্রহে নেমেছে সংগঠনটি। পাশাপাশি, রাজ্যে মজুত ‘স্লিপার সেল’গুলিকে কাজে লাগিয়ে বিস্ফোরণ ও নেতামন্ত্রীদের উপর হামলা করার নকশা তৈরি করছে আল কায়দা।
এখনও পর্যন্ত সদস্য সংগ্রহ অভিযানে জড়িত ১১ সন্দেহভাজন আল কায়দা জঙ্গিকে গ্রেপ্তার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)।






