পরের বছরের আইপিএল-এ নতুন দলের সংযুক্তিকরণ করা হবে, এই নিয়ে জল্পনা তৈরি হয়েছে গত কয়েকদিন ধরেই। এমনকি, নতুন ফ্র্যাঞ্চাইজির জন্য টেন্ডার ডাকা হবে, সে নিয়েও বার্তা দিয়েছে বিসিসিআই। কিন্তু নয়া ফ্র্যাঞ্চাইজি আসায় ক্ষতি হবে বর্তমান দলগুলির, তা নিশ্চিত করলেন ফ্র্যাঞ্চাইজির কর্তারা।
একটি সাক্ষাৎকারে ফ্র্যাঞ্চাইজির মালিকরা বলেছেন, কোয়ালিটি বজায় রাখতে ইতিমধ্যেই দলগুলির পক্ষে কঠিন হয়ে পড়ছে। বেশিরভাগ আইপিএল দলের স্কোয়াডের দিকে তাকালে দেখা যাবে, দলের মূল শক্তি হিসেবে থাকে সাত থেকে আটটি খেলোয়াড় এবং দুই থেকে তিনটি খেলোয়াড় সঠিক ভারসাম্যের জন্য অন্য দলে যায়। এবার, যদি এই আটটি টিমের সংখ্যা বেড়ে ১০ এ গিয়ে দাঁড়ায়, তখন কোয়ালিটি আরও পড়ে যাবে।
এরপর মেগা অকশন নিয়ে ফ্র্যাঞ্চাইজির মালিকরা বলেছেন, “আমাদের একটি নির্দিষ্ট স্যালারি পার্স দেওয়া হয় যার মাধ্যমে কোনও ফ্র্যাঞ্চাইজির যতই খরচ করার ক্ষমতা থাকুক না কেন, তারা একটি সমান জায়গায় থেকে খেলোয়াড় নির্বাচন করতে পারবে, এটাই আইপিএল এর শক্তি। কিন্তু এবার আরও দুটি দল এসে এই নিলামে অংশ নেয় এবং সেই একই খেলোয়াড়দের উপর তারা টার্গেট করে, তাহলে কি কোয়ালিটি নিশ্চিত থাকবে?”
যদিও ফ্র্যাঞ্চাইজিদের এই সমস্যা সমাধানের জন্য আইপিএল এ বিদেশীদের সংখ্যা বাড়ানো উচিত, এই নিয়ে পরামর্শ দেন বিসিসিআই এর এক উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি বলেছেন, “এই নিয়মের জন্য বেশ কিছু ভালো মানের বিদেশীরা মাঠের বাইরে রয়ে থাকে। একটি অতিরিক্ত বিদেশী খেলাতে পারলে ভারসাম্য অনেকটাই ভালো হবে।”





