এমনিতেই চীনের সঙ্গে আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক কোনদিনও সুমধুর ছিল না। এরপর করোনা ভাইরাস ছড়ানোর অভিযোগে চীনের ওপর রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প হেরে গিয়েছেন এবং নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন জো বিডেন।
চীন এতদিন পরে অবশেষে জো বিডেনকে তার সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছে। কূটনৈতিকরা বলছেন যে আসলে চীন এতদিন ‘না আঁচালে বিশ্বাস নেই’ নীতি অনুসরণ করছিল। এমনিতেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রকাশ হতে অনেকটাই সময় নেওয়া হয়েছে এবং তার পরেও চীন পুরোপুরি নিশ্চিত হতে চাইছিল যে ডোনাল্ড ট্রাম্প আর কিছুতেই আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে ফিরে না আসেন, সেই বিষয়ে নিশ্চিন্ত হওয়ার পরেই প্রায় এক সপ্তাহ পর তারা নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বিডেনকে অভিবাদন জানাল তাঁর সাফল্যের জন্য।
এক সংবাদ সম্মেলনে এদিন চীনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, “মার্কিন জনতার রায়কে আমরা সম্মান জানাচ্ছি। বিডেন ও হ্যারিসকে অভিনন্দন। আমরা জানি যে আমেরিকার প্রেসিডেন্সিয়াল নির্বাচনের ফলাফল সে দেশের নিয়মকানুন মেনেই ঘোষিত হবে।”
আজ অ্যারিজোনায় জয়ী হয়েছেন বিডেন ফলে আর কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্পের ফিরে আসা সম্ভব নয়। তাই এবার এই বিষয়টিকে ভালো করে বিবেচনা করে বিডেন প্রশাসনের সঙ্গে কীভাবে কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন চীনা কূটনীতিবিদরা।
তবে চীন আজকে অভিনন্দন জানিয়ে দিলেও এখনও পর্যন্ত কিন্তু মেক্সিকো, রাশিয়া এবং ব্রাজিল অভিনন্দন বার্তা পাঠায় নি। তারা কিন্তু এখনও জল মাপছে। কারণ জনতার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে রিপাবলিকান শিবির। ফলে পরবর্তীতে কী হতে চলেছে তা দেখার পরেই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে এই তিনটি দেশ।






