গতকালই শীর্ষ তৃণমূল নেতৃত্ব ও তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর মধ্যেকার বরফ গলাতে মন্ত্রীর বাড়িতে ছুটে ছিলেন তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোর (Prashant Kishor)। তারপর সেখানে বসেই ফোনে কথা হয় শুভেন্দুর সঙ্গে। এদিন অবশ্য নিজের মনোভাব আরও স্পষ্ট করে দিয়ে শুভেন্দু জানান, ‘আমাকে আটকানোর ক্ষমতা কারও নেই। আপনাদের আশীর্বাদ, দোয়া, প্রার্থনাকে সঙ্গী করে আমি এগিয়ে যাব।’ কাজের কাজ কিছুই হয়নি, নেহাতই ফাঁকা হাতে ফিরতে হয় তাঁকে।
এবার জানা যাচ্ছে পিকের ফিরে আসার পরই রাজ্যের পরিবহণমন্ত্রী এবং বর্তমান একপ্রকার বিদ্রোহী তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সাম্প্রতিক কার্যকলাপের জন্য তাঁকে চরম ‘সতর্কবার্তা’ পাঠানো হয়েছে তৃণমূল নেতৃত্বের তরফে। এমনটাই সূত্রের খবর। যদিও এই কথা অস্বীকার করেছেন শুভেন্দুর বাবা তথা পূর্ব মেদিনীপুরে তৃণমূল জেলা সভাপতি শিশির অধিকারী। তিনি জানিয়েছেন এমন কোনও সতর্কবার্তা তাঁরা পাননি।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর প্রকাশিত হয়, শিশির অধিকারীর মাধ্যমে বার্তা দেওয়া হয় শুভেন্দুকে। শুভেন্দু শৃঙ্খলা ভাঙলে দলের পক্ষ থেকে ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শুভেন্দুকে আরও কিছু দিন সময় দেওয়া হতে পারে।
আরও একটি সূত্র বলছে, এখনই শুভেন্দুর বিরুদ্ধে কোনও বড় পদক্ষেপ নেওয়া হবে না। অর্থাৎ, এখন ‘ভুল শুধরে’ নেওয়ার প্রচেষ্টা নেওয়া হলে আপাতত কোনও ব্যবস্থা নয়। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে কড়া ব্যবস্থা বলতে ঠিক কী করা হবে তা খোলসা করে কেউ বলেনি।






