ক্ষমা চেয়ে হিন্দু ধর্মের অপমান করবেন না, সাকিব আল হাসানের ক্ষমা চাওয়া বিতর্কে টুইট তসলিমা নাসরিনের

“পুজোর উদ্বোধন করিনি, একজন সচেতন মুসলমান হিসেবে আমি এই কাজ কখনোই করবো না, ওখানে যাওয়াটাই আমার ভুল হয়ে গিয়েছিল” গতকাল একটি ভিডিওতে এই কথাগুলোই শোনা গিয়েছিল বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসানের (shakib Al Hasan) মুখে।

কালীপুজোর (Kali Puja) দিন কলকাতায় এসে প্রদীপ জ্বালিয়ে কালীপুজো উদ্বোধন (inauguration) করেছিলেন তিনি। আর তারপরেই কোপে পড়তে হয় বাংলাদেশী মৌলবাদীর ফেসবুকীয় খুনের হুমকির। আর তারপরই চাপের কাছে নতিস্বীকার করে সাকিব আল হাসান ক্ষমা চেয়ে নেন নিজের ইউটিউব চ্যানেলে। সেখানে ভিডিও পোস্ট করে সবাইকে তাঁকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেন তিনি।

আর তাঁর এই ক্ষমা চাওয়ার পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ থেকে দীর্ঘদিন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন ট্যুইট করে বলেছেন, সাকিবের ক্ষমা চাওয়া উচিত হয়নি। ক্ষমা চেয়ে নিয়ে তিনি হিন্দু ধর্মের অপমান করলেন বলে অভিমত জানিয়ে তসলিমা লিখেছেন, ‘ও ক্ষমা চাওয়ার ফলে ইসলামপন্থীরা চাঙ্গা হবে, হিন্দুদের প্রতি সহানুভূতি প্রকাশ করা বা পুজো মন্ডপে যাওয়া মুসলিমদের হত্যার সাহস পেয়ে যাবে।’

প্রসঙ্গত উল্লেখযোগ্য, বৃহস্পতিবার সাকিব কলকাতায় এসেছিলেন কাঁকুড়গাছিতে তৃণমূল নেতা পরেশ পালের পুজোর উদ্বোধন করতে। আর তা দেখার পরই তাঁকে হুমকির পর হুমকি দিয়েছে বাংলাদেশী মৌলবাদীরা, তাদের অভিযোগ, পুজো উদ্বোধন করে তিনি মুসলমানদের অনুভূতিতে আঘাত করেছেন। এমনকী সিলেটের সাহপুর তালুকদার পাড়ার মহসিন তালুকদার নামে এক বাসিন্দা ফেসবুক লাইভ করে রীতিমত দাঁ হাতে নিয়ে তাঁকে টুকরো করে কাটার হুমকি দেয়। আর তা করার জন্য সে নাকি দরকার পড়লে সিলেট থেকে ঢাকা পর্যন্ত হেঁটে যাবে।

তবে‌ পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছালে হস্তক্ষেপ করে পুলিশ। সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বাংলাদেশের সুনামগঞ্জ জেলা থেকে মহসিন তালুকদার (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও পুলিশ। এক পুলিশ অফিসার জানিয়েছেন, ধৃত যুবক এখন হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও অন্যান্য খবর