সময় কীভাবে কেটে যায় তা বোঝা যায় রাজশ্রী পুত্র ইউভান চক্রবর্তীকে দেখলেই। ইতিমধ্যেই তার দুই মাস বয়স হয়ে গিয়েছে, সকলের নয়নের মণি টলিউডের এই ক্ষুদে সেলিব্রিটি কিড। রাজ এবং শুভশ্রী প্রায়শই নিজেদের ছেলের সঙ্গে আবেগঘন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় দেন। তবে এবার শুভশ্রী একটু অন্য ধরনের ছবি পোস্ট করলেন। দিদির সঙ্গে খেলায় মত্ত ইউভান, সেই ছবি এবার শুভশ্রী পোস্ট করলেন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে যা তার অনুরাগীদের মন জয় করে নিয়েছে।

রাজ চক্রবর্তী দিদি বনানী পান্ডের মেয়ে সৃষ্টি পান্ডে। সৃষ্টি মামা মামির সঙ্গেই থাকে। সৃষ্টির সঙ্গেই ইউভান কীভাবে আলাপচারিতা জমাচ্ছে তা ফ্রেমবন্দি করেছেন মামি শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বিছানায় উপুড় হয়ে শুয়ে আছে ইউভান এবং একদৃষ্টে দিদির দিকে তাকিয়ে আছে। এরকমই আদরমাখা মুহূর্তের সাক্ষী থাকল নেটিজেনরা।
শুভশ্রী এবং রাজ দুজনই সৃষ্টিকে খুব ভালোবাসেন। ভাগ্নিকে নিজের মেয়ের মতই মানুষ করেছেন রাজ এবং সৃষ্টির আজকে বাবা এবং শুভশ্রীকে মা বলেই ডেকে থাকেন। এমনিতেও রাজের পরিবারের সঙ্গে শুভশ্রীর যথেষ্ট মেলবন্ধন রয়েছে যা তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছবি এবং ভিডিওতে বারংবার ফুটে ওঠে। সৃষ্টিকেও যথেষ্ট আপন করে নিয়েছেন শুভশ্রী এবং সৃষ্টিও মামি বলতে অজ্ঞান। ছোট ভাইয়ের সঙ্গে সারাদিন সময় কাটায় সে এবং পরবর্তীকালে কেরিয়ার হিসাবে সে ফিল্ম ইন্ডাস্ট্রিকেই বেছে নিতে চায়। সেই কারণেই এখন রাজের সহকারী পরিচালক হিসাবেও কাজ শিখছে সে। পরিণীতার পর হাবজি-গাবজি ছবিতেও মামাকে অ্যাসিস্ট করেছে সৃষ্টি।






