গতকালই ছিল মেয়েদের হার্টথ্রব, নতুন সেনসেশন অভিনেতা কার্তিক আরিয়ানের জন্মদিন। জন্মদিনের দিনই নিজের অনুরাগীদের এক বড় চমক দিলেন অভিনেতা। পোস্ট করলেন নিজের নতুন ছবির লুক যা ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকের। রাম মাধবনীর পরবর্তী থ্রিলার ‘ধামাকা’-তে সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে কার্তিককে।
একবিংশ শতাব্দীতে একটি সংবাদমাধ্যমে কাজ করার বিভিন্ন দিক উঠে আসবে এই ছবির মধ্যে দিয়ে। ছবিটির প্রযোজনায় রয়েছে রনি স্ক্রুওয়ালার টিম আরএসভিপি ও রাম মাধবনী ও সহ-প্রযোজক অমিতা মাধবনী। ছবিতে কার্তিক এক সাংবাদিকের চরিত্রে অভিনয় করছেন যিনি মুম্বইয়ের জঙ্গি হামলার সরাসরি প্রচার করছেন।
এই ছবি নিয়ে স্বভাবতই বেশ উত্তেজিত অভিনেতা। কার্তিকের কথায়, “আমার জন্য এটি একটি অভাবনীয় চিত্রনাট্য। ছবিটির বিষয় এত সমসাময়িক যে আমি আমার জায়গা থেকে এক চুল নড়তে পারিনি। এই ছবির মাধ্যমে আমি বিভিন্ন জিনিস জানার ও শেখার সুযোগ পাব, এই জন্য আমি ভীষণ উৎসাহিত”। নিজেকে সাংবাদিকের ভূমিকায় দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন অভিনেতা। রাম মাধবনীর সঙ্গে এটাই কার্তিকের প্রথম কাজ। তাই কাজ শুরু করার জন্যই আরও বেশী মুকিয়ে রয়েছেন অভিনেতা।
View this post on Instagram
পরিচালক রাম মাধবনী এই ছবির বিষয়ে বলেন, “আপাতদৃষ্টিতে এই ছবিটি একটি থ্রিলার হলেও, ছবিতে অনেক আবেগপ্রবণ দৃশ্যও রয়েছে। এই ছবির জন্য একজন তরুণ অভিনেতার প্রয়োজন ছিল। তাই বলিউডের প্রথম সারির অভিনেতা হিসেবে কার্তিক এই ছবির জন্য একেবারে সঠিক”।
আগামী মাস থেকেই শুরু হবে এই ছবির শুটিং। এই করোনা পরিস্থিতিতে সমস্ত বিধিনিষেধ মেনেই করা হবে শুটিং। পরিচালকের কথায়, তার প্রযোজনা টিম বেশ সহায়ক।
প্রযোজক রনি স্ক্রুওয়ালা জানান, রাম মাধবনী যখন তার কাছে এই ছবির চিত্রনাট্য নিয়ে আসেন, তিনি একেবারেই তা শুনে না করতে পারেন নি। এইরকম একটি বিষয়ের উপর ছবির জন্য রাম মাধবনী ও কার্তিক আরিয়ানের জুটি একেবারে উপযুক্ত বলে মনে করেন তিনি।
প্রসঙ্গত, ‘প্যায়ার কা পাঞ্চনামা’ ছবি দিয়েই নিজের অভিনয় জীবন শুরু করেন কার্তিক। ‘সনু কি টিটু কি সুইটি’ ছবিতে অভিনয়ের মধ্যে দিয়েই বলিউডে সাফল্যের মুখ দেখেন তিনি। তার মুক্তিপ্রাপ্ত শেষ ছবি ‘লাভ আজ কাল ২’ বক্স অফিসে সেভাবে সাফল্য না পেলেও প্রথম সারির অভিনেতা হিসেবে তিনি অল্প সময়েই বেশ ভালো নাম করেছেন। ইতিমধ্যেই তার ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি ছবি। তার এই নতুন ছবি দর্শকদের কতটা মনে ধরে এখন সেটাই দেখার।





