এই অতিমারিতে গরীব শিশুদের জন্য এক অভিনব উদ্যোগ নিলেন অভিনেতা অর্জুন কাপুর। নতুন খাদ্য পরিবহন ব্যবসায়ী সংস্থা FoodCloud-সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করলেন তিনি। দায়িত্ব নিলেন প্রত্যেক মাসে এক হাজার গরীব শিশুদের পুষ্টিকর খাবার খাওয়ানোর।
এই অতিমারি পরিস্থিতিতে মানুষকে নানারকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হল গরীবদের পুষ্টিকর খাবারের জোগান। অর্জুন কাপুরের এই নতুন সংস্থার লক্ষ্য হল লিঙ্গসমতা ও মানুষকে আত্মবিশ্বাসী হতে সাহায্য করা। বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এই সংস্থার তরফ থেকে এক হাজার গরীব শিশুদের দিকে সাহায্যের হাত বাড়ানো হয়েছে। প্রত্যেক মাসে তাদের পুষ্টিকর খাবার খাওয়ানোর দায়িত্ব নিয়েছে এই সংস্থা।
এই উদ্যোগের বিষয়ে অর্জুন কাপুর বলেন, “এই অতিমারিতে সমাজে অনেক রকমের সমস্যা দেখা দিয়েছে। শিশুরাই এর সমস্যায় বেশী প্রভাবিত হয়েছে। বিভিন্ন পরিবার তাদের রুজি রোজগার হারিয়েছে। পরিবারের প্রধান রোজগেরে মানুষেরই যদি কাজ না থাকে, তাহলে বাচ্চারা তো বিপদের মুখে পড়বেই”।
অভিনেতা আশ্বস্ত করেন যে তার এই নতুন ব্যবসা নিশ্চয় কিছু শিশুদের রক্ষা করতে সাহায্য করবে। তার কথায়, FoodCloud-এর মাধ্যমে তারা যথাসম্ভব শিশুদের সাহায্য করার চেষ্টা করবেন ও তাদের পুষ্টিকর খাবার দেবেন। প্রত্যেক মাসে কিছু শিশুদের এভাবে সাহায্য করতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন অর্জুন কাপুর।
অর্জুন কাপুর বরাবরই বিভিন্ন সমাজসেবামূলক কাজে বারবার এগিয়ে এসেছেন। তিনি এও বলেন যে, এই অতিমারি পরিস্থিতি কেটে গেলেও পরবর্তীকালে এই সমস্ত শিশুদের তিনি যতটা সম্ভব সাহায্য করবেন।
তিনি আরও বলেন, “শিশুদের সবসময় পুষ্টিকর খাদ্য দেওয়া উচিত। তারা যাতে অপুষ্টিতে না ভোগে, সেদিকে সবসময় নজর দেওয়া দরকার। আমাদের সংস্থা যতটা বেশী সংখ্যক সম্ভব শিশুদের সাহায্য করতে প্রস্তুত। দেশের নাগরিক হিসেবে এই কাজ করা আমাদের কর্তব্য”।





