জিতবে বিজেপি! দিল্লি পুলিশের নিরাপত্তায় হতে পারে বাংলার বিধানসভা নির্বাচন, জল্পনা ফের উস্কালেন দিলীপ

আসন্ন বিধানসভা নির্বাচন হবে দিল্লির দাদাদের সহায়তায়, দিদিদের দিয়ে আর হবে না। মঙ্গলবার হুগলির জিরাটে এক জনসভায় এমনটাই বললেন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচন কি তাহলে কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারায় হতে চলেছে?‌ দিলীপের কথায় গুঞ্জন বাড়ছে।

জিরাটের ওই জনসভা থেকে দিলীপ ঘোষ বঙ্গ সরকারকে হুশিয়ারি দিয়ে বলেন ‘‌পঞ্চায়েত ভোটের সময় আমাদের মনোনয়নপত্র জমা দিতে দেয়নি। যেখানে মনোনয়ন দিতে পেরেছি সেখানে জিতেছি। কিন্তু জেনে রাখুন, এই ভোটটা দিল্লির দাদারা করাবে, দিদিদের দিয়ে আর হবে না।’‌

তবে শুধু এখানেই থেমে যাননি রাজ্য বিজেপি সভাপতি। আর‌ও বেশ খানিকটা আক্রমণ শানিয়ে বলেন, পশ্চিমবঙ্গ পুলিশের জন্য এবার বুথে বুথে ‘‌নো এন্ট্রি’‌ বোর্ড লাগিয়ে দেবে বিজেপি। তাঁর কটাক্ষ, ‘‌বুথে বুথে ‘‌নো এন্ট্রি’‌ বোর্ড লাগিয়ে আমরা পুলিশকে বলব, দাদা ১০০ মিটার দূরে গাছের তলায় চেয়ার নিয়ে বসুন। দিল্লির পুলিশ এসে ভোট সামলাবে।’‌ আজকের সভায় সমর্থকদের আশ্বস্ত করে দিলীপ ঘোষ বলেন এবারের ভোটে জিতবে বিজেপি।

প্রসঙ্গত উল্লেখযোগ্য, এই মাসেই বাংলায় দু’দিনের সফরে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলায় পদ্ম ফোটানো যাঁর দীর্ঘদিনের স্বপ্ন সেই অমিত শাহ‌ই ২১ এর বিধানসভা ভোটে ২০০ আসনে বিজেপি জিতবে বলে জানিয়ে গিয়েছেন। একইরকম আশাবাদী দিলীপ ঘোষও। এদিন জিরাটের সভামঞ্চে তিনি বলেন, ‘হুগলির ৭টা বিধানসভাতেই জিতবে বিজেপি। আমরা এখান থেকে সাতজন বিধায়ককে বিধানসভায় পাঠাব।’‌ হুগলি নিয়ে তাঁর অভিযোগ, ‘‌আশুতোষ মুখোপাধ্যায়, ঋষি অরবিন্দ, রামমোহন রায়ের হুগলি আজ বালি চোর, চাল চোর, পাথর চোর, কয়লা চোরে ভরে গিয়েছে।’‌

আরও অন্যান্য খবর