ফের ঘুরে দাঁড়াচ্ছেন বলিউড তথা হলিউডের গায়িকা মোনালি ঠাকুর। নতুন করে নিজেকে গড়ে পিঠে নিতে শুরু করেছেন তিনি। অনেকদিন পর আবার শরীর চর্চায় মন দিয়েছেন গায়িকা। ফের নিজেকে ফিট রাখার চেষ্টায় মোনালি। এমনটা নিজেই জানান দিলেন তিনি। নিজের ইনস্টাগ্রামে শেয়ার করলেন শরীরচর্চার ভিডিও। আবার নতুন করে যে সবটা শুরু করছেন তিনি, তারও জানান দিলেন সোশ্যাল মিডিয়াতেই।
সম্প্রতি, ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন মোনালি ঠাকুর। ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি ওয়েট লিফটিং করছেন। নিজের শরীরচর্চার ভিডিও শেয়ার করে তিনি লেখেন, “শক্তি এবং স্বাস্থ্য, দুটোর উপরই বাহানা না করে নজর রাখা শুরু করেছি। ক্রমশ শরীর পালটে যেতে শুরু করেছে। এবং অবশেষে শরীর আমার কথা শুনছে। ২ বছর ধরে কোনও ওয়ার্ক আউট করিনি, স্বাস্থ্য ভালো না রাখাটা একেবারেই অনুচিত। কিন্তু অবশেষে সূর্যের কিরণ উঁকি দিচ্ছে”। ইতিমধ্যেই, তাঁর শরীরচর্চার এই পোস্টে লাইক ও কমেন্ট এসেছে ঝড়ের গতিতে। এর আগেও শরীরচর্চা করে ভিডিও শেয়ার করতে দেখা যায় মোনালিকে। আবারও নতুন করে যুদ্ধ শুরু করেছেন বলে জানান এই বাঙালি গায়িকা।
View this post on Instagram
প্রসঙ্গত, কয়েক মাস আগেই বাবা শক্তি ঠাকুরকে হারিয়েছেন মোনালি। বাবার মৃত্যু সংবাদ পেয়ে সূদূর সুইজারল্যান্ড থেকে দেশে ফিরে আসেন তিনি। সেদেশেই তাঁর শ্বশুরবাড়ি।
জুন মাসে হিন্দুস্থান টাইমসের একটি সাক্ষাৎকারে নিজের বিয়ের কথা জানান তিনি। জানান, তিন বছর আগেই তাঁর জার্মান প্রেমিক মাইক রিচটেরকে বিয়ে করেন তিনি। কিন্তু বিয়ের কথা কোনওদিনই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি গায়িকা। সেরকম ধূমধাম করেও হয়নি তাদের বিয়ে। শুধুমাত্র নিকট বন্ধু ও আত্মীয়স্বজনের মধ্যেই বিয়ে সম্পন্ন হয় তাদের।






