ফের ভারতীয় নারী এনে দিল তাঁর দেশকে গৌরব। গর্বিত করলো কয়েকশত কোটি ভারতবাসীকে। এই প্রথমবার ‘মূক-বধির’ বিভাগের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিয়ে তাতে জয় লাভ করলেন ভারতীয় সুন্দরী বিদিশা বালিয়ান।
উত্তরপ্রদেশের মুকফফরনগরের বাসিন্দা বছর একুশের বিদিশা ছোটো থেকেই কানে শুনতে পাননা। তাই তিনি কথাও বলতে পারেননা। কিন্তু ছোটো থেকেই তাঁর ইচ্ছে ছিল মিস ওয়ার্ল্ড হওয়ার। আর তাই সৌন্দর্যমূলক বিভিন্ন প্রতিযোগিতা বা তথ্য মনোযোগ সহকারে পড়তেন তিনি৷ টিভিতেও তা দেখতেন। এরপর তিনি নয়ডার একটি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সবাইকে চমকে দেন।
সেখান থেকে খবর পেয়েই এরপর তিনি অংশ নেন মূক এবং বধির বিভাগের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায়। সেখানেই মিস ওয়ার্ল্ড খেতাব জয় করে ভারতকে গর্বিত করেন তিনি। প্রতিযোগিতায় বিদিশার তান্ডব নৃত্য দেখে মুগ্ধ হন বিচারকেরা। এরপরই দক্ষিণ আফ্রিকায় চলা এই প্রতিযোগিতার মূলপর্বে ১১ জন কে পরাজিত করে গত ২২ জুলাই তিনি জিতে নেন মূক এবং বধির বিভাগের ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব৷