করোনা আবহের মধ্যেই সাধারণ মানুষের কথা মাথায় রেখে চালু হয়েছিল কলকাতা মেট্রো। কিন্তু দিনদিন মেট্রোয় যেভাবে নিত্যযাত্রীদের চাপ বাড়ছে, তা সামাল দিতেই মেট্রোর সময়সূচীর বড়সড় বদলের সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ।
ধীরে ধীরে মানুষের জীবন ফিরছে পুরনো ছন্দে। করোনাকে সঙ্গে নিয়েই শুরু হয়েছে ‘নিউ নর্ম্যাল’ জীবনযাত্রা। এর জেরে পাল্লা দিয়ে রোজকার যাত্রীর সংখ্যাও বাড়ছে মেট্রোতে। তাই সোম থেকে শনি পর্যন্ত মেট্রো চলাচলের সময়সীমা বাড়ানো হচ্ছে বলে জানা গিয়েছে। আগামী সোমবার, ৭ই ডিসেম্বর থেকেই চালু হচ্ছে মেট্রোর নয়া সময়সূচী। বুধবারে জারি করা একটি বিজ্ঞপ্তি অনুযায়ী, দিনের প্রথম মেট্রো সকাল সাড়ে আটটার বদলে চলবে সকাল ৭টা থেকে। এদিকে, নোয়াপাড়া থেকে দিনের শেষ মেট্রো ছাড়বে ৯টা ২৫ মিনিটে যা দমদম থেকে রওনা দেবে সাড়ে ৯টা নাগাদ। শীতকাল মানেই বাড়বে মানুষের ঘুরতে যাওয়ার তাগিদ, তার উপর রয়েছে বড়দিনের উৎসব। এর জেরে সামাজিক দুরত্ব বিধি মেনে যাত্রীচাপ সামলানো বেশ কঠিন হবে। সবদিক মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া, সোমবার থেকে মোট ২০৪টি মেট্রো চলবে, বর্তমানে মেট্রো চলে মোট ১৯০টি।
সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে ই-পাসের নিয়মেও বেশ কিছু বদল আনা হয়েছে। এই ই-পাস নিয়ে যাত্রীদের মনে সংশয় বেড়েই চলেছে। তাই এদিনের বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে যে, সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত ও রাত আটটার পরে মেট্রোয় চলাচলের জন্য কোনও ই-পাস লাগবে। এর পাশাপাশি বৃদ্ধ, মহিলা ও ১৫ বছরের নীচে কারোর ই-পাস লাগবে না। এর ফলে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করছে কর্তৃপক্ষ।
তবে ই-পাস নিয়ে জল্পনাও তুঙ্গে। শোনা যাচ্ছে, নতুন গোড়াতেই মেট্রোয় সফর করার জন্য ধাপে ধাপে বন্ধ হতে পারে ই-পাস। ইতিমধ্যেই, বৃদ্ধ, মহিলা ও শিশুদের জন্য মেট্রোয় ই-পাস লাগছে না। এর ফলে রোজকার যাত্রীসংখ্যাও বেড়েছে। এরপর ধীরে ধীরে সমস্ত যাত্রীদের জন্যই শনি ও রবিবার ই-পাস বন্ধ করার কথা চিন্তা করছে মেট্রো কর্তৃপক্ষ।






