বঙ্গ পুলিশ ‘হিজড়া’! বেলাগাম দিলীপ ঘোষ,  উর্দিটা বাপের বা তৃণমূলের জমিদারির টাকায় তৈরি নয়, হুঁশিয়ারি তার

উত্তপ্ত বাংলার রাজনীতির মাটি। রাজনৈতিক নেতাদের যে কোন‌ও মন্তব্যই এখন হট কেকের মতো লোক প্রিয় হয়ে যাচ্ছে!
ভাষার প্রতি সংযম, শালীনতা ভারতীয় রাজনীতিকদের কোন‌ও কালেই ছিলনা। নোংরা ভাষা ব্যবহার থেকে গালি-গালাজ, হুমকি, হুঁশিয়ারি বঙ্গ তথা ভারতীয় রাজনীতির অঙ্গ।
আর তাই বিহারের পর এবার বাংলায় বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ভাষার রাশ তত‌ই আলগা হচ্ছে।
আর সেই মিছিলের নেতাদের অন্যতম বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অসাংসদীয় শব্দ ব্যবহার যাঁর কাছে জলভাত।
তৃণমূলের মোকাবিলা করতে গিয়ে প্রায় রোজই নতুন নতুন বিতর্কিত শব্দ বলছেন তিনি। আর যা নিয়ে নিন্দায় মুখর হচ্ছেন বিরোধীরা। গতকাল রবিবারও রাজ্য পুলিশকে লাগামহীন ভাষায় আক্রমণ করেন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। আক্রমণের চোটে পুলিশ কে ‘হিজড়া’ বলে বসেন তিনি। বলেন, রাতে পুলিশের লোক গ্রামে তল্লাশি চালাতে এলে গাছে বেঁধে রাখুন।
গতকাল অর্থাৎ রবিবার পূর্ব মেদিনীপুরের পটাশপুরে ছিল গেরুয়া শিবিরের সভা। তার আগে সেখানে রোড শো করেন দিলীপবাবু। এর পর সভায় বক্তব্য রাখতে উঠে দিলীপ ঘোষ পুলিশকে লক্ষ্য করে বেলাগাম আক্রমণ চালান। বলেন, ‘কিছু পুলিশ অফিসার আছে, চামচাগিরি করে, এখনও সময় আছে। শুধরে যান, আপনারা যে উর্দি পরেন, তা জনগণের ট্যাক্সের টাকায় তৈরি, ওটা আপনার বাপের বা তৃণমূলের জমিদারি নয়।’
তবে শুধু পুলিশকে আক্রমণ করেই থামেননি তিনি, সাধারণ জনগণের উদ্দেশ্যে প্ররোচনামূলক বক্তব্য রাখেন দিলীপ ঘোষ। ঝাঁঝ বাড়িয়ে বলেন, ‘রাতে যদি পুলিসের কেউ রেইড করতে আসে, তাহলে তাঁকে ধরে গাছে বেঁধে রাখবেন। সকালে বিচার হবে। আমাদের পয়সায় পুলিস তৃণমূলের ক্যাডার হয়ে কাজ করছে!’

আরও অন্যান্য খবর