অনেক কাঠখড় পুড়িয়ে আইএসএল খেলতে এসেও শুরুটা একদমই ভালো হচ্ছে না স্পোর্টিং ক্লাব ইস্টবেঙ্গলের। পরপর তিনটি ম্যাচে হার। একটিও গোল না করা এবং প্রতিপক্ষের থেকে একের পর এক গোল খাওয়া। সময় ভালো যাচ্ছে না লাল-হলুদ শিবিরের। চতুর্থ ম্যাচে এবার সামনে রয়েছে আরও এক কঠিন প্রতিপক্ষ, জামসেদপুর এফসি। তবে কঠিন ম্যাচ হলেও আত্মবিশ্বাসী কোচ রবি ফাউলার। তিনি বলে দিচ্ছেন, “জয়ে ফেরা শুধু সময়ের অপেক্ষা।”
বলা বাহুল্য এই জামসেদপুর এফসি আগের ম্যাচে হারিয়েছে এটিকে-মোহনবাগানকে। যেখানে এটিকে-মোহনবাগানের মতো অপ্রতিরোধ্য দলও জামসেদপুরের কাছে হার স্বীকার করল সেখানে এসসি ইস্টবেঙ্গলকে হেলায় হারাতে পারে তারা। এমনটাই মনে করছিলেন বিশেষজ্ঞরা। তবে কোচ ফাউলার হাল ছাড়তে রাজি নয়। অন্যদিকে লাল-হলুদ ডিফেন্সে চোটের কারণে থাকবেন না ড্যানি ফক্স। ফলে ভালস্কিসের দলকে আটকানো বড়সড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে ইস্টবেঙ্গলের কাছে।
ম্যাচের আগে কোচ ফাউলার বলেন, “বৃহস্পতিবার জামশেদপুরের বিরুদ্ধে শুরুতে একটা গোল করে দিতে পারি, তখন খেলাটাই পাল্টে যাবে। ম্যাচ হারলেও আমরা কিন্তু পুরোপুরি মুছে যাইনি। আমরাও জিততে চাই। কিন্তু সাফল্য রাতারাতি আসে না। শেষ ম্যাচে রেফারির সিদ্ধান্ত দেখে ‘ভার’ প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু আমি নিশ্চিত নই, ‘ভার’ প্রয়োগ হলে ম্যাচ শেষ করতে তিন ঘণ্টা সময়ে লেগে যাবে কি না!”
রেফারিকে দোষ না দিয়ে এরপরই অবশ্য কোচ বলেন, “তবে এটাও ঠিক যে ফুটবলে এসব হয়েই থাকে।” সেই সঙ্গে তিনি নিজের দলের স্ট্রাইকারদের পাশে থাকার বার্তা দিয়েছেন। তিনি বলেন, “আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই, গোলের সুযোগ তৈরি হওয়া নিয়ে। সুযোগ যখন তৈরি হচ্ছে গোলও আসবে।”






