বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলা নিয়ে আজ দিনভর চলেছে বিতর্ক। বিজেপি নেতার কনভয়ে হামলার প্রতিবাদ জানিয়েছেন বঙ্গ বিজেপির একাধিক বিজেপি নেতা, কর্মী ও সমর্থক। এবার এই হামলার বিরুদ্ধে মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। হামলার বিরুদ্ধে সরব হয়ে তিনি রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবী তোলেন।
বৃহস্পতিবার, নাড্ডার কনভয় হামলার প্রতিবাদ জানিয়ে তিনি সংবাদমাধ্যমে ফের একবার সরব হন। বলেন, বাংলার এই অরাজকতার সময়ে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার খুব প্রয়োজন। এর আগেও তিনি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবী তুলেছিলেন। সেই সময় তিনি বলেন, রাষ্ট্রপতি শাসন জারি না হলে এই রাজ্যে নিরপেক্ষভাবে নিরবাচনে লড়াই করা অসম্ভব।
এদিকে, রাজ্যে চূড়ান্ত অরাজকতা ও রাজ্যে জে পি নাড্ডার নিরাপত্তায় প্রশাসনের ঢিলেমি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লেখেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এর উত্তরে অমিত শাহ জানান জে নাড্ডার কনভয়ে হওয়া হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে যাওয়ার পথে তৃণমূলের পতাকা হাতে বিক্ষোভকারীরা হামলা চালায় জে পি নাড্ডার কনভয়ের উপর। গাড়ি লক্ষ্য করে ইট ও বোতল ছোঁড়ে দুষ্কৃতীরা। কিন্তু রাজ্যের পুলিশের তরফ থেকে টুইট করে বলা হয় যে, “এরকম কিছুই হয়নি। জে পি নাড্ডার গাড়িতে হামলা হয়নি। তাঁর গাড়ি অনেক পিছনে ছিল”।
এদিনের হামলায় একাধিক বিজেপি নেতা-সহ আহত হন খোদ মুকুল রায়ও। তাঁর গাড়ির কাচও ভাঙা হয়েছে বলে জানা গিয়েছে। ইটের ঘায়ে আহত হয়েছে একাধিক সাংবাদিকও। এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুকুল রায় রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবী তোলেন।






